২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পবিত্র ঈদুল ফিতর উদযাপনে সরকারের কর্মসূচি গ্রহণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2005, 03:39 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সোমবার ঈদুল ফিতর উদযাপন সম্পর্কিত এক উচ্চ পর্যায়ের আন্তঃমন্ত্রণালয় সভায় এ কর্মসূচি নির্ধারণ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব রফিকুল ইসলাম।

এতে সিদ্ধান্ত নেয়া হয়, ঈদের প্রধান জামাত সকাল সাড়ে আটটায় জাতীয় ঈদগাহ হাইকোর্ট প্রাঙ্গণে অনষ্ঠিত হবে। তবে আবহাওয়া অনুকূলে না থাকলে এ জামাত একই সময়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে।

সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। জাতীয় পতাকা এবং বাংলা ও আরবীতে ঈদ মোবারক লেখা ব্যানার দিয়ে বনানী ঢাকা গেট থেকে বঙ্গভবন পর্যন্ত প্রধান সড়ক ও সড়ক দ্বীপসমূহ সজ্জিত করা হবে। সরকারি ভবনসমূহে আলোকসজ্জা করা হবে। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন বিশেষ অনুষ্ঠান প্রচার করবে। সংবাদপত্রসমূহ বিশেষ সংখ্যা প্রকাশ করবে। দিনের তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে সভা সেমিনারও আয়োজন করা হবে।

দেশের বিভিন্ন হাসপাতাল, কারাগার, সরকারি শিশু সদন, ভবঘুরে কল্যাণ কেন্দ্র ও দুঃস্থ কল্যাণ কেন্দ্রে উন্নত মানের খাবার পরিবেশন করা হবে। নগরীর বিভিন্ন স্থানে গণযোগাযোগ অধিদপ্তর চলচ্চিত্র প্রদর্শন করবে।

এ ছাড়া মহানগরীতে প্রীতি ফুটবল ম্যাচ ও শিশুদের ঈদ পুনর্মিলনী ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হবে।

বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসসমূহও ঈদ উদযাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে।

সভায় আরো সিদ্ধান্ত নেয়া হয়, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, থানা নির্বাহী কর্মকর্তাগণ, স্থানীয় সরকারি প্রতিষ্ঠানসমূহ জাতীয় কর্মসূচির আলোকে নিজ নিজ কর্মসূচি প্রণয়নপূর্বক ঈদুল ফিতর উদযাপন করবেন।

সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, বিভাগ ও সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।