২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনার সরকারি খাদ্য গুদাম থেকে লাখ লাখ টাকার খাদ্য উধাও, পার পেয়ে যাচ্ছে দোষীরা

নেত্রকোনার বিভিন্ন সরকারি খাদ্য গুদাম থেকে লাখ লাখ টাকা মূল্যের শত শত টন ধান, চাল উধাও হয়ে যাওয়ার বেশ কয়েকটি ঘটনা ঘটার পরও এসব খাদ্য কেলেংকারীর রহস্য আজও উদঘাটিত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2005, 09:02 AM

Updated : 26 Apr 2022, 06:12 PM

এ সমস্ত খাদ্য কেলেংকারীর সাথে জড়িত সংশ্লিষ্ট খাদ্য কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা হলেও প্রয়োজনীয় আলামত এবং মামলার সাক্ষ্য প্রমাণাদি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সঠিকভাবে আদালতে উপস্থাপনে দুর্বলতার কারণে আইনের ফাঁকফোঁকরে অব্যাহতি পেয়ে পুনরায় পূর্বের পদে বহাল রয়েছেন। এমন অসংখ্য ঘটনার নজির রয়েছে জেলা খাদ্য বিভাগে।

অভিযোগে জানা যায়, নেত্রকোনা খাদ্য বিভাগে কর্মরত এক শ্রেণীর কর্মকর্তা-কর্মচারিদের সমন্বয়ে গড়ে উঠেছে খাদ্য চুরি অথবা উধাও করে দেওয়ার সিন্ডিকেট।

এ সিন্ডিকেটের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা হলেও বারবার রহস্যজনক কারণে তারা ছাড়া পেয়ে যান অথবা মামলার দুর্বলতার কারণে হাইকোর্ট থেকে জামিন নিয়ে বের হয়ে এসে পূর্বের পদেই বহাল তবিয়তে পোস্টিং নেন।

সম্প্রতি নেত্রকোনা সদর খাদ্য গুদামে এমন অনেক ঘটনা ঘটেছে। এ গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সাত্তারের বিরুদ্ধে ১৫৬ টন চাল গুদাম থেকে উধাও করার অভিযোগে সদর উপজেলার খাদ্য কর্মকর্তা আজগর আলী পাঠান বাদি হয়ে নেত্রকোনা থানায় একটি মামলা দায়ের করেন।

আব্দুস সাত্তারের বিরুদ্ধে মামলা হওয়ার সঙ্গে সঙ্গে গ্রেপ্তার এড়ানোর জন্য তিনি হাইকোর্টে সারেন্ডার করেন এবং জামিনে মুক্তি পান।

জামিন নিয়ে বর্তমানে তিনি নেত্রকোনায় অবস্থান করে মামলার প্রয়োজনীয় আলামত ধ্বংস করার চেষ্টায় লিপ্ত রয়েছেন।

অন্যদিকে রুহুল আমীন নামে খাদ্য বিভাগের আরেক খাদ্য কর্মকর্তা প্রায় ৩০ লাখ টাকার সরকারি ধান বিক্রি করে দিয়েছিলেন। এ কারণে তার বিরুদ্ধে মামলাও হয়েছিল এবং পাঁচ বছরের সাজা হয়েছিল।

মামলা চলাকালে হাইকোর্ট থেকে জামিন নিয়ে বর্তমানে তিনি নেত্রকোনা খাদ্য বিভাগে বহাল তবিয়তে রয়েছেন।

এদিকে খাদ্য কেলেংকারী করতে গিয়ে গ্রেট আজিজ উপাধি পেয়েছেন একজন খাদ্য কর্মকর্তা। সারাদেশের খাদ্য কর্মকর্তাদের মাঝে তিনি গ্রেট আজিজ নামে পরিচিত। তার বিরুদ্ধে খাদ্য গুদাম থেকে লাখ লাখ টাকার খাদ্য উধাও করার অভিযোগে একাধিক মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় জন সাধারণ এ ধরনের খাদ্য কেলেংকারী সংক্রান্ত ঘটনাগুলোর উদঘাটন করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।