২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় ডায়রিয়ায় ২ দিনে ১১ জনের মৃত্যু, নীলফামারীতে আরও ৩০০০ আক্রান্ত

অকাল বন্যার পর এবার উত্তর বঙ্গের বিভিন্ন অঞ্চলে প্রাণঘাতি ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। গাইবান্ধা জেলার বিভিন্ন স্থানে দু’দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2005, 09:31 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

হাসপাতালগুলোতে তিনশত ডায়রিয়া রোগী ভর্তি হয়েছে। এদিকে নীলফামারী জেলায় ডায়রিয়া পরিস্থিতির চরম অবনতি হয়েছে। ১৫ জনের মৃত্যূ ছাড়াও গত দু’দিনে সদর, ডোমার ও সৈয়দপুর উপজেলায় নতুন করে আরও অন্তত তিন হাজার মানুষ এ রোগে আক্রান্ত হয়েছে।

বিডিনিউজের গাইবান্ধা প্রতিনিধি জানান, জেলার ফুলছড়ি, সাঘাটা, সুন্দরগঞ্জ, সাদুল্যাপুর, সদর উপজেলা, গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী উপজেলার হাসপাতালগুলোতে ডায়রিয়া আক্রান্তদের মধ্যে ১৬ অক্টোবর পর্যন্ত ৭ জন শিশুসহ ১১ জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলো-সাঘাটার আব্দুল (৪৮), মিনি (৩৫), সুন্দরগঞ্জের রিজা খাতুন (৮), জরিনা বেওয়া (৫৫), বোচা মিয়া (৩৫), সদরের আরিফ (৩), রত্না (৬), মাসুদ (৮), পলাশবাড়ীর সুমন মিয়া (৮), ফরহাদ (৮), নাহিদ (৩)।

নিলফামারী প্রতিনিধি জানান, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যুর কথা রোববার সরকারিভাবে স্বীকার করা হলেও স্থানীয় সূত্রে এ পর্যন্ত এ জেলায় ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

রোববার দুপুর পর্যন্ত নীলফামারী সদর আধুনিক হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ৭০ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছে। ১০ শয্যার এই ডায়রিয়া ওয়ার্ডের মেঝে ও বারান্দায় স্থান সংকুলান না হওয়ায় হাসপাতালের মূল ভবনের প্রবেশপথ, করিডোর ও বারান্দায় গাদাগাদি করে রোগীদের রাখা হয়েছে।