গাজীপুরে ১৭ আগস্টের বোমা হামলায় শায়খ আ. রহমানসহ ১৫ জনের বিরুদ্ধে চার্জশিট
দেশজুড়ে ১৭ আগস্ট বিস্ফোরণকালে গাজীপুরের নয়টি স্পর্শকাতর স্থানে বোমা হামলার মামলায় রোববার আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।
এতে জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেমএমবি) প্রধান শায়খ আব্দুর রহমান ও তার ভাই আতাউর রহমানসহ স্থানীয় ১৫ জনকে আসামি করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা গাজী রুহুল আমিন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে এ চার্জশিট দাখিল করেন।
মামলার অন্যান্য অভিযুক্তরা হলেন, নূরুল ইসলাম জুবায়ের,মাহবুবুর রহমান, রুকনুজ্জামান, মামুনুর রশীদ, হাছান, মো. নিজামউদ্দিন ওরফে রেজা, আসাদ, দুরুল আহাদ, আদম, কাওসার, হাসিব ওরফে আরিফ ওরফে আসিফ, রাসেল, আ. কাফী প্রমুখ।
১৭ আগস্ট গাজীপুরের নয়টি স্থানে বোমা হামলার দিনই জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করা হয় (নং ৫৬৯৮-০৫)। মামলার তদন্তকারী কর্মকর্তা ৬০ দিন তদন্ত করে ৬৬ জনের সাক্ষ্য গ্রহণ করে অভিযোগপত্র দাখিল করেন।
এর আগে অন্যতম অভিযুক্ত রুকনুজ্জামান ও মাহবুবুর রহমান নিজেরা বোমা হামলার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়।
