২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ইসলামী ঐক্য জোট নেতা খুন

ইসলামী ঐক্য জোট (আমিনী) চট্টগ্রাম মহানগর শাখার আহবায়ক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রার্থী ইকবাল বিন ইয়াকুবকে (৩৫) রোববার বিকালে ফটিকছড়ির বাবুনগরে তার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2005, 07:20 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

কোতয়ালী পুলিশ সূত্র জানায়, সন্ধ্যা পর্যন্ত কেউ এই ঘটনায় মামলা দায়ের করেনি। কাউকে গ্রেফতারও করা হয়নি।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈনুদ্দীন বিডিনিউজকে জানিয়েছেন, নিহত ইকবালের আত্মীয়-স্বজন কিংবা রাজনৈতিক সহকর্মীরাও খুনের ঘটনার কোনো নিদির্ষ্ট ক্লু দিতে পারেনি।

মাঈনুদ্দীন আরো জানান, ইকবালের ভাই আশরাফ বিন ইয়াকুব সিএমপির উর্ধ্বতন কর্মকর্তাদের বলেছেন, রাজনৈতিক বিরোধের জের ধরে তার ভাই খুন হয়েছেন।

চট্টগ্রাম মেট্রাপলিটান পুলিশের (সিএমপি) উর্ধ্বতন একটি সূত্র জানায়, ইকবালের সাথে ইসলামী ঐক্যজোটের বিবাদমান গ্রুপগুলো ও জামায়াতের সাথে বিরোধ ছিলো। ইকবাল সম্প্রতি জামায়াতের কার্যক্রমের বিরুদ্ধেও সোচ্চার ছিলেন।

রমজানের কয়েকদিন আগে ঐক্য জোটের মুফতি ইজহার গ্রুপের কর্মীরা আন্দরকিল্লা জামে মসজিদ চত্বরে আমিনী গ্রুপকে ধাওয়া করে।

এদিকে রোববার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের পর লালদিঘী ময়দান ও ফটিকছড়ির বাবুনগরে জানাযা শেষে নিহতকে পারিবারিক কবরাস্থানে দাফন করা হয়।

পুলিশের ধারণা, ঢাকা থেকে গতরাতে চট্টগ্রামে আসার সময় তাকে অপহরণ করা হয়। পরে মাথায় আঘাত করে হত্যা করা হয় তাকে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, কয়েকদিন আগে ইয়াকুব ব্যবসায়িক কাজে ঢাকা যান। ঢাকা থেকে চট্টগ্রাম এসেই বাসায় ফেরার পথে মর্মান্তিক মৃত্যুর স্বীকার হন।

অবিবাহিত ইকবাল নগরীর মিয়াখান নগর এলাকার বাসিন্দা।

গত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হলেও শেষ পর্যন্ত ইয়াকুব চারদলীয় জোটের প্রার্থীর প্রতি সংহতি প্রকাশ করে প্রার্থীতা প্রত্যাহার করে নেন।

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী এমপি ইকবালের হত্যাকান্ডকে রাজনৈতিক আখ্যা দিয়ে বলেছেন ইসলামী ঐক্যজোটকে ধ্বংসের চক্রান্তকারীরাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

অভ্যন্তরীণ কোন্দলের কারণে ইকবালের খুন হওয়ার বিষয়টি তিনি নাকচ করে দেন।

ইসলামী ঐক্যজোট আমিনী গ্রুপের মহাসচিব আবদুল লতিফ নেজামী এই ঘটনার পরিপ্রেক্ষিতে চট্টগ্রামে এসেছেন। দলীয় নেতৃবৃন্দ ও পরিবারের সদস্যদের সাথে আলোচনার পর রোববার রাতেই মামলা করার কথা।

পুলিশ ইকবালের মৃতদেহর কাছ থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করেছে।

ইসলামী ঐক্যজোট (আমিনী) চট্টগ্রাম মহানগর শাখার আহবায়ক ইকবাল বিন ইয়াকুব (৩৫)শনিবার রাতে খুন হন। পুলিশ রোববার ভোরে কোতয়ালী থানার গনি বেকারি এলাকা থেকে নিহতর লাশ উদ্ধার করে।

এ ঘটনার তদন্ত কর্মকর্তা হারুনুর রশিদ বিডিনিউজকে জানান, ইকবালের মৃতদেহে কো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বিষয়টি রহস্যজনক বলে তাদের ধারণা।