দেশে আত্মহত্যার প্রবণতা বাড়ছে
দেশে আত্মহত্যার প্রবণতা বাড়ছে। প্রেম, বেকারত্ব ও হতাশার কারণে আত্মহত্যার ঘটনা ঘটছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
গত ৪ বছরে সারা দেশে দুই হাজার ২৭৭টি আত্মহত্যার ঘটনা ঘটেছে।
বেসরকারি বিভিন্ন সংস্থার হিসেব মতে, ২০০১ সালে দেশে মোট আত্মহত্যার ঘটনা ঘটে ৫৮৮টি। ২০০২ সালে ৬৬৫, ২০০৩ সালে ৪৯৬ এবং ২০০৪ সালে ৫২৮টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। ২০০০ সালে এ সংখ্যা ছিল ৩৩২। চলতি ২০০৫ সালের প্রথম নয় মাসে আত্মহত্যার ঘটনা ঘটে ৪৬৪টি।
বেসরকারি সংস্থাগুলো পত্র পত্রিকায় প্রকাশিত রিপোর্টের ভিত্তিতে এ তালিকা তৈরি করেছে। প্রকৃত সংখ্যা এর চেয়ে বেশি হবে বলে জানিয়েছে সংস্থাগুলো। তাদের মতে, প্রত্যন্ত অঞ্চলের অনেক ঘটনাই পত্র পত্রিকায় আসে না।
আত্মহত্যার প্রবণতা দিন দিন বাড়ার কারণ সম্পর্কে মনোবিজ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনিসুর রহমান বলেন, বেকারত্ব জনিত হতাশা, প্রেমে ব্যর্থতা, ব্যক্তি জীবনে চাওয়া পাওয়ায় অসঙ্গতি, পারিবারিক-সামাজিক জীবনে নানা হতাশা, সর্বোপরি আত্মবিশ্বাসহীনতায় ভুগেই মানুষ বেশি আত্মহত্যা করে।
পরিসংখ্যান অনুযায়ী, দেশের দক্ষিন পশ্চিমাঞ্চলে আত্মহত্যার প্রবনতা বেশি।
বিশিষ্ট মনোচিকিৎসক ডা. ফারুক আলম বলেন, আমাদের দেশে আবহাওয়ার কারণেই মানুষ বেশি আবেগপ্রবণ। ফলে সামান্য ঘটনাকেও জীবনের বড় অংশ হিসেবে দেখে মানুষ আত্মহত্যা করে থাকে।
