নারীর উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে সরকার
পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিন বলেছেন, বাংলাদেশ সরকার অগ্রাধিকার ভিত্তিতে নারীর উন্নয়ন এবং লিঙ্গ বৈষম্য দুরীকরণে বদ্ধপরিকর।
নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে বৃহস্পতিবার সামাজিক, মানবিক ও সাংস্কৃতিক কমিটির ‘নারীর অগ্রগতি’ শীর্ষক সভায় বক্তব্যদানকালে পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশের দারিদ্র্য বিমোচন কৌশল পত্রে (পিআরএসপি) জেন্ডার ভারসাম্যের বিষয়টির উল্লেখযোগ্য প্রতিফলন ঘটানো হয়েছে। তিনি বলেন, সহিংসতার হাত থেকে নারীকে রক্ষার জন্য আমরা জাতীয় পর্যায়ে যথাযথ আইন বাস্তবায়ন করছি।
পররাষ্ট্র সচিব তার বক্তব্যে সাম্প্রতিক বছরগুলোতে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে নারীর উন্নয়নের বিষয়টি তুলে ধরেন।
নারীর উন্নয়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশের অঙ্গীকারের কথা উল্লেখ করে তিনি বলেন, নারীর ক্ষমতায়ন এবং অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করবে।
