বগুড়ায় যাত্রীবাহী বাস নদীতে, ২১টি লাশ উদ্ধার
বগুড়ার শিবগঞ্জে শনিবার দুপুর দেড়টায় যাত্রীবাহী একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে নদীতে ডুবে যায়। ডুবুরি ও দমকল বাহিনীর সদস্যরা ইতোমধ্যে নিমজ্জিত বাস থেকে নারী, শিশুসহ ২১টি লাশ উদ্ধার করেছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিল। তাদের মধ্যে ৭ জন যাত্রী সাঁতরিয়ে তীরে উঠে। আশংকা করা হচ্ছে, সবার লাশ এখনও না পাওয়া গেলেও অন্যরা আর জীবিত নেই।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বগুড়া-জয়পুরহাট মহাসড়কে বগুড়া থেকে জয়পুরহাটের উদ্দেশে ছেড়ে আসা একটি মিনিবাস শিবগঞ্জ উপজেলার কিচক ব্রীজের কাছে বন্যার পানিতে ডুবে যাওয়া রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী গাঙ্গন নদীতে পড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে রংপুর থেকে থেকে ডুবুরি এবং বগুড়া ও রাজশাহী থেকে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালিয়ে ২১টি লাশ উদ্ধার করে। এর মধ্যে শিবগঞ্জের বেলাই গ্রামের একই পরিবারের ৭ জন নিহত হয়েছে। এরা হলো অমল (৪২) ও নির্মল (৩২), অমলের দুই পুত্র অলক (১২) ও পুলক (৮), নির্মলের দেড় বছর বয়েসী পুত্র নীরব এবং অমল ও নির্মলের স্ত্রী।
বিডিনিউজ জয়পুরহাট প্রতিনিধি জানান, দুর্ঘটনাকবলিত বাস থেকে জীবিত উদ্ধার হওয়া জয়পুরহাট জেলা অ্যাকাউন্টস অফিসের এমএলএসএস আব্দুল বাসেত (৫১) আশঙ্কা প্রকাশ করেন, সম্ভবত একমাত্র তিনিই জীবিত আছেন।
রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত আছে। আশঙ্কা করা হচ্ছে, নিহতের সংখ্যা ৩০ এর বেশি হবে।
বাসের মধ্যে আটকে পড়া বেশির ভাগ যাত্রীই জয়পুরহাটের বলে স্থানীয়রা দাবি করছেন।
দুর্ঘটনার পর থেকে বগুড়া জয়পুরহাট সড়কে যান চলাচল বন্ধ আছে। বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব তারেক রহমান এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।
