চট্টগ্রাম বন্দর রোববার ফের চালু হতে পারে
চট্টগ্রাম বন্দরে বৃহস্পতিবার থেকে সৃষ্ট অচলাবস্থা নিরসনের সম্ভাবনা তৈরী হয়েছে। অচলাবস্থা নিরসনে বন্দর ব্যবহারকারী এবং কাস্টমস কর্তৃপক্ষ বৃহস্পতিবার সন্ধ্যায় এক বৈঠকে মিলিত হওয়ায় আশার আলো দেখা যাচ্ছে।
বৈঠকে চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সহ সভাপতি আব্দুল লতিফ এবং কাস্টমস কমিশনার ফরিদউদ্দিন আহমেদ দু’পক্ষের নেতৃত্ব দেন।
এদিকে বন্দরের লাইটার জাহাজগুলোর কর্মবিরতি শনিবার দ্বিতীয় দিনের মত অব্যাহত থাকায় সিমেন্টের ক্লিংকার, চিনি, সার এবং আমাদানিকৃত অন্যান্য পন্য নিয়ে ১৩টি মাদার ভেসেল আটকা পড়ে আছে।
কোস্টাল শিপ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (সিওএবি) উপদেষ্টা ফিরোজ কবির জানান, আট মাস যাবত ২৪টি লাইটার জাহাজে বোঝাইকৃত গম খালাসে কাস্টমস কর্তৃপক্ষ আপত্তি না করার ব্যাপারে সম্মত হয়েছে।
বন্দর ব্যবহারকারী ও কাস্টমস কর্তৃপক্ষের মধ্যকার আলোচনার ভিত্তিতে রোববার সকাল থেকে লাইটার জাহাজের গম খালাস শুরু হবে বলে জানান তিনি।
এদিকে বৈঠকের পর জাহাজ মালিকরা এক সংবাদ সম্মেলনে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান শাহাদত হোসেন বলেন, ধর্মঘট অব্যাহত থাকলে বন্দরের পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়বে এবং মাল বোঝাই জাহাজগুলো দীর্ঘদিন অবস্থান করায় বিপুল ক্ষতির সম্মুখীন হবে।
চট্টগ্রাম বন্দরের পরিচালক (ট্রাফিক) এবং সিওএবি কর্মকর্তারা বৈঠকে যোগ দেন।
