বিশ্ব খাদ্য দিবস ১৬ অক্টোবর, বিশ্বব্যাপী ৮৫০ মিলিয়ন মানুষ অনাহারী
১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবস। চলতি বছর দিবসের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে ‘কৃষি ও আন্তঃসংষ্কৃতি সংলাপ’।
একই সঙ্গে বিশ্বের ১৫০ টি দেশে দিবসটি উদযাপিত হচ্ছে। ৬০ বছর আগে জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা (এফএও) দিবসটির প্রবর্তন করে।
প্রাপ্ত এক বার্তায় জানা যায়, ১৩ অক্টোবর নিউ ইয়র্কে মার্কিন পররাষ্ট্র প্রেস সেন্টারে অনুষ্ঠিত খাদ্য সম্পর্কিত আলোচনায় ফাও’র উত্তর আমেরিকার আঞ্চলিক তথ্য কর্মকর্তা মাইকেল গেজ বলেন, চলতি বছর বিশ্বব্যপী খাদ্য দিবস উদযাপনের মুহূর্তেও ৮৫০ মিলিয়ন মানুষ থাকবে অনাহারী।
১৯৯৬ সালে রোমে অনুষ্ঠিত বিশ্ব খাদ্য সম্মেলন এবং পাঁচ বছর পর ২০০২ সালে অনুষ্ঠিত খাদ্য সম্মেলনে তিনি ২০১৫ সালের মধ্যে অনাহারী মানুষের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার কথা বিশ্ব নেতৃবৃন্দকে স্মরণ করিয়ে দেন।
অনুষ্ঠানে জাতিসংঘের সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যের অগ্রগতি সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের জবাবে গেজ বলেন, বর্তমান অবস্থায় চললে আমরা ২০১৫ সালের মধ্যে নির্ধারিত লক্ষ্যে পৌঁছতে পারব না। তাই আমাদেরকে আরও বেশি কাজ করতে হবে।
তিনি চলতি বছরের বিশ্ব খাদ্য দিবসের আন্তঃসংস্কৃতি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে সবাইকে স্মরণ করিয়ে দেন যে, বিশ্বব্যাপী শস্য ও পশুপালন মানুষের জীবনযাত্রার মান উন্নত করেছে, দারিদ্র্য হ্রাস করেছে।
কৃষির কথা বলতে গিয়ে তিনি বলেন, ফাও’র পরিসংখ্যানে দেখা যায়, নতুন শতাব্দীর শুরুতে জীবন ধারণের জন্যে ২ দশমিক ৫ বিলিয়ন মানুষ কৃষি, শিকার, মৎস্য আহরণ এবং বনের ওপর নির্ভর করতো।
