২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরবঙ্গে বন্যার কারণে জনস্বাস্থ্য পরিস্থিতির অবনতি, পানিবাহিত রোগে আক্রান্ত সহস্রাধিক, ২ শিশুর মৃত্যু

উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতির উন্নতি হলেও জনস্বাস্থ্য পরিস্থিতির অবনতি হয়েছে। বন্যার পানি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ছড়াচ্ছে ডায়রিয়া, আমাশয়সহ বিভিন্ন পানিবাহিত রোগ। এক সপ্তাহে সহস্রাধিক মানুষ এসব রোগে আক্রান্ত হয়েছে। কুড়িগ্রামে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2005, 08:00 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

বিডিনিউজ নওগাঁ প্রতিনিধি জানান, নওগাঁর বাতাসে এখন পচা দুর্গন্ধ। অধিকাংশ স্থানের পানি চলে গেলেও নিচু এলাকার জমে থাকা আবদ্ধ পানি থেকে আসা দুগর্ন্ধে জনজীবন দুর্বিসহ হয়ে পড়েছে। ব্লিচিং পাউডারের অভাবে দুর্গন্ধ দূর হচ্ছে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সিভিল সার্জন অফিসের ডায়রিয়া নিয়ন্ত্রণ দপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে ৮৭ জন। এর মধ্যে ২২ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নওগাঁয় গত সাত দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে ৮৫৮ জন।

এছাড়া নওগাঁয় গত ২৪ ঘন্টায় সর্দিজ্বরে একশ জন এবং আমাশয়ে ৫০ জন আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। জেলায় বর্তমানে স্যালাইন সংকট না থাকলেও জ্বর, আমাশয়, পেটের পীড়াসহ অন্যান্য রোগের ওষুধের সংকট রয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধি জানান, কুড়িগ্রাম জেলার ডায়রিয়া পরিস্থিতির অবনতি হচ্ছে। বাড়ছে আক্রান্তদের সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে তিন শতাধিক এবং ডায়রিয়ায় আক্রান্ত হয়ে দুই শিশুর মারা গেছে। এরা হলো, রৌমারী উপজেলার আবুল কাশেমের কন্যা কাকলী (১০ মাস) এবং নটানপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে শফিকুল (২ মাস)।

শনিবার সরেজমিনে দেখা যায়, কুড়িগ্রাম জেলা হাসপাতালে স্থান সংকুলান না হওয়ায় বারান্দায় রোগীদের চিকিৎসা হচ্ছে। অনেক ডায়রিয়া রোগী বারান্দায় কাৎরাচ্ছে। হাসপাতাল সূত্র জানায়, বর্তমানে স্টোরে পর্যাপ্ত খাবার স্যালাইন নেই। ফলে রোগীদের বাইরে থেকে স্যালাইন কিনতে হচ্ছে।