টঙ্গীতে নির্মানাধীন টেক্সটাইল ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত, আহত ১৫
টঙ্গীর মিল গেট এলাকায় শনিবার দুপুরে জেরিনা কম্পোজিট টেক্সটাইল ইন্ডাস্ট্রিজের নির্মানাধীন একতলা ভবনের ছাদ ধসে দুই শ্রমিক ঘটনাস্থলে নিহত হয়েছে। আহত হয় কমপক্ষে ১৫ জন।
ত্রুটিপূর্ণ সেন্টারিং এর কারনে এ দুর্ঘটনা ঘটে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
নিহত দু’শ্রমিকের নাম আল আমীন (১৬), পিতা-সাইফুল ইসলাম এবং মামুন (২৫), পিতা গোলাম মিস্ত্রী। নিহতরা সম্পর্কে চাচাত ভাই। এদের বাড়ি বগুড়া জেলার ধুনট উপজেলার নিত্তিপোতা এলাকায়।
আহত শ্রমিকরা জানায়, আনুমানিক চার হাজার বর্গফুটের নির্মানাধীন ওই ভবনের ছাদ ঢালাইয়ের কাজ শুরু হয় সকালে। এক-চতুর্থাংশের ঢালাই শেষে দুপুর একটার দিকে শ্রমিকরা লক্ষ্য করে, ঢালাইয়ের সেন্টারিং এর বাঁশ ছাদের ভার সইতে না পেরে নিচের দিকে ঝুঁকে পড়ছে। এ সময় সহকারী ঠিকাদার কামরুজ্জামান পাঁচ শ্রমিককে নিচে পাঠায় ঠেকনা দিতে। এরপর দুপুর সোয়া একটায় বিকট শব্দে হুড়মুড়িয়ে ধসে পড়ে ঢালাই সম্পন্ন অংশ। এতে পাঁচজন ঢালাই চাপা পড়া ছাড়াও ১৫ জন শ্রমিক আহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস উদ্ধার কাজে এগিয়ে আসে। বিপুল সংখ্যক পুলিশ, র্যাব সদস্য এবং স্থানীয় লোকজন উদ্ধার কাজে এগিয়ে আসে।
ঢালাইয়ে পানি ঢেলে বাঁশ-কাঠ-রড সরিয়ে দুই শ্রমিকের লাশ ও গুরুতর আহত তিনজনকে উদ্ধার করা হয়। আহত সাইফুল (২৬), আইয়ুব আলী (২৮), বাদশা (৩২), লতিফ (৩৫), কিবরিয়া (২৫), বাবুল (৩৫), লাল মিয়া (৪০), আলিম (২০), সুজন (১৮), এমদাদুল (২৫), শাহ আলম (২৮) ও রাজ্জাক (১৬)কে টঙ্গী হাসপাতালে প্রেরণ করা হয়। এদের অধিকাংশের বাড়ি বগুড়ার ধুনট ও ময়মনসিংহের নান্দাইলে।
দুর্ঘটনার ব্যাপারে ওই কারখানার শ্রমিকদের ঠিকাদার ইদ্রিস আলী জানান, সেন্টারিং এ যে পরিমান বাঁশ দেয়া উচিত ছিলো, তার চেয়ে কম দেয়ায় ভার সইতে পারেনি।
দূর্ঘটনার সময় কাছাকাছি অবস্থানে ছিলেন জেরিনা কম্পোজিটের চেয়ারম্যান ড. আবদুল্লাহ হেল বারি।
তিনি বলেন, সেন্টারিং এর বাঁশ সরে গিয়ে দূর্ঘটনা ঘটে থাকতে পারে।
জেলা প্রশাসক ফজলে রাব্বী, সাংসদ জাহিদ আহসান রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেন।
