বৌদ্ধদের প্রবারণা পূর্ণিমা রোববার
ভাবগাম্ভীর্য ও ধর্মীয় ঐতিহ্যের মধ্য দিয়ে রোববার বন্দর নগরীসহ জেলার সর্বত্র পালিত হবে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব প্রবারণা পূর্ণিমা।
বুদ্ধত্ব লাভের পূর্বে সিদ্ধার্থ গৌতম যে অগ্নিপরীক্ষার সম্মুখীন হন, সে ঘটনাটিকে স্মরণ করে বৌদ্ধ ধর্মাবলম্বীরা এ দিনটিকে পালন করে থাকে।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতে, সিদ্ধার্থ গৌতম গৃহত্যাগ করে অনমা নদী অতিক্রমের সময় বুদ্ধত্ব লাভ করবেন কিনা, তা নিশ্চিত হওয়ার জন্যে মাথা থেকে একগুচ্ছ চুল কেটে আকাশের দিকে ছুড়ে দেন। চুলগুলো যদি অদৃশ্য হয়ে যায়, তবে তিনি বুদ্ধত্ব লাভ করবেন।
ভারতের বিহারের বুদ্ধগয়ার বোধি গাছের নীচে ছয় মাস ধ্যান করার পর তিনি বুদ্ধত্ব লাভ করেন।
বৌদ্ধদের ধর্মীয় প্রতিষ্ঠান ও মন্দিরগুলোতে দিনব্যাপী কর্মসূচীর মধ্য দিয়ে এ উৎসব পালিত হবে।
পবিত্র ত্রিপিটক পাঠ এবং সকল বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠানে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি সূচনা করা হবে।
প্রবারণা পূর্ণিমার প্রধান আকর্ষণ, সন্ধ্যায় দেশের সকল বৌদ্ধ মন্দির থেকে একই সাথে আকাশে ফানুস উড়ানো।
বৌদ্ধ ভিক্ষুদের তিন মাসব্যাপী মন্দিরে বর্ষাবাস পালন শেষে রোববার এই প্রবারণা উৎসব পালিত হবে।
দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে, ভিক্ষুদের উপবাসের অবসান, সংঘদান, শীলগ্রহণ, দুঃস্থদের মধ্যে খাদ্য বিতরণ, আলোচনা সভা ও স্বেচ্ছায় রক্তদান।
এক মাসব্যাপী কঠিন চীবর দান উৎসব শুরু হবে প্রবারণা উৎসবের পরদিন সোমবার থেকে।
নগরীর নন্দনকানন বৌদ্ধ বিহার, কাতালগঞ্জের নব পণ্ডিত বিহার, দেবপাহাড় আন্তর্জাতিক বৌদ্ধ মন্দির, মোমেন রোডের সার্বজনীন বৌদ্ধ বিহার এবং আগ্রাবাদের বিশ্বমৈত্রী বৌদ্ধ বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান প্রধান সমাবেশ অনুষ্ঠিত হবে।
পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী ও কুমিল্লার বৌদ্ধ ধর্মাবলম্বী অধ্যূষিত এলাকায়ও এই প্রবারণা উৎসব অনুষ্ঠিত হবে।
