২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘খুলনা নিউজপ্রিন্ট মিল রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে’

খুলনা নিউজপ্রিন্ট মিলস্ লিঃ বন্ধ করে একদিকে যেমন তিন হাজার শ্রমিক কর্মচারী-কর্মকর্তা বেকার করা হয়, তেমনি এর কোটি কোটি টাকার সম্পদ ঠেলে দেওয়া হয় ধ্বংসের দিকে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2005, 06:57 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

রাষ্ট্রীয় এ সম্পদ রক্ষায় সমাজের সকল শ্রেণী-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

শনিবার দৈনিক পূর্বাঞ্চলের ডায়ালগ সেন্টারে ‘একটু সদিচ্ছায় চালু হতে পারে খুলনা নিউপ্রিন্ট মিলস্’ শীর্ষক এক মুক্ত আলোচনা সভা বক্তারা এ কথা বলেন। এতে প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা নিউজপ্রিন্ট এমপ্লয়ীজ ইউনিয়নের সভাপতি নিজাম-উর-রহমান লালু।

পূর্বাঞ্চল সম্পাদক আলহাজ্ব লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এমপি, পঞ্চানন বিশ্বাস এমপি, বিএনপি নেতা গাজী শহীদুল্লাহ, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মিজানুর রহমান মিজান, জাতীয় পার্টির মহানগর সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, দীর্ঘ অর্ধশত বছরের ঐতিহ্যকে ম্লান করে দিয়ে ২০০২ সালের ৩০ নভেম্বর এই মিলটি বন্ধ করার ফলে বেকার হয় তিন হাজার শ্রমিক কর্মচারী কর্মকর্তা। পাশাপাশি এর সাথে সংশ্লিষ্ট আরও হাজার হাজার পরিবারের মধ্যে বিরাজ করে হাহাকার অবস্থা। বর্তমান প্রেক্ষাপটে এই মিলটি পুনরায় বাণিজ্যিক ভিত্তিতে চালু করা গেলে কর্ম সংস্থানের সৃষ্টি হবে। এছাড়া রক্ষা হবে কোটি কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ এবং প্রতিযোগিতামূলক এ বাজারে মিলটি লাভজনকভাবে টিকে থাকতে পারবে।