২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রেস্ট ক্যান্সার নিরাময়ে প্রচারণা কৌশলের ওপর গুরুত্বারোপ

দেশের প্রত্যন্ত অঞ্চলের মহিলাদের মধ্যে ব্রেস্ট ক্যান্সারের ব্যাপারে সচেতনতা বৃদ্ধিতে একটি সঠিক প্রচারণা কৌশল প্রবর্তন করা উচিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

ঢাকা আহসানিয়া মিশন এবং বাংলাদেশ ফোরাম অব জার্নালিস্টস ফর ওমেন অ্যান্ড চিলড্রেন (বিএফজেডব্লিউসি) এর যৌথ উদ্যোগে শনিবার মিশন কার্যালয়ে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা বিষয়ে মিডিয়ার ভূমিকা শীর্ষক এক গোল টেবিল বৈঠকে বক্তারা এই অভিমত ব্যক্ত করেন।

ব্রেস্ট ক্যান্সার মাস উপলক্ষে বিশ্বের ১১৭টি দেশের মত বাংলাদেশেও মাসটি পালন উপলক্ষে এই গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে বলা হয়, দেশে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা এক মিলিয়নের কাছাকাছি। এছাড়া প্রতিদিন ০.২ মিলিয়ন মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছে। আর এই রোগে মত্যুবরনকারীর সংখ্যা প্রায় ০.১৫ মিলিয়ন।

বাংলাদেশে এই রোগের চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত অপ্রতুল এবং দেশের সবগুলো হাসপাতাল ও ক্লিনিকে প্রতিবছর ১৫ হাজার ক্যান্সার রোগীকে চিকিৎসা দেয়া সম্ভব।

বৈঠকে বক্তারা বলেন, প্রচারনা কৌশল লজ্জা এবং রোগ সম্পর্কে মানসিক হীনমন্যতা থেকে মহিলাদের বের হয়ে আসতে সহায়তা করবে। তাদের বোঝাতে হবে, প্রাথমিক অবস্থায় রোগ সনাক্ত হলে অবশ্যই তা সারিয়ে তোলা সম্ভব।

আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. এমএ হাই বলেন, দেশের ২৫ ভাগ মহিলাই ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত এবং পরিস্থিতি এতটা নাজুক হওয়া সত্ত্বেও দেশে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা, হাসপাতাল, ক্লিনিক এমনকি পর্যাপ্ত চিকিৎসক না থাকায় রোগীদের চিকিৎসা দেয়া সম্ভব হচ্ছে না।

বৈঠকে মডারেটরের ভূমিকা পালন করেন আহসানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলম। মূল প্রবন্ধ পাঠ করেন বিএফজেডব্লিউসি’র সহ সভাপতি নাসরিন নিশির। এছাড়া বক্তব্য রাখেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম শফিকুল করিম, এটিএন বাংলার প্রধান উপদেষ্টা সাইফুল বারী এবং ডেইলি নিউ নেশনের সম্পাদক মোস্তফা কামাল মজুমদার।