২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় র‌্যাবের ক্রসফায়ারে চরমপন্থি নেতা নিহত

পাবনায় র‌্যাবের ক্রসফায়ারে শনিবার ভোরে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল লাল পতাকা) আঞ্চলিক নেতা নিহত হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2005, 01:36 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

নিহত চরমপন্থি নেতার নাম মুক্তার হোসেন ওরফে বাচ্চু (৩০)।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ পাবনা ক্যাম্পের সদস্যরা শুক্রবার ভোরে পাবনার বেড়া উপজেলার সিঅ্যান্ডবি বাজার থেকে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রাজশাহী র‌্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।

র‌্যাবের কাছে বাচ্চু তার সহযোগী এবং অস্ত্রভাণ্ডার সম্পর্কে ব্যাপক তথ্য দেয়। তার স্বীকারোক্তি অনুযায়ী র‌্যাব সদস্যরা অস্ত্র উদ্ধারের জন্য তাকে নিয়ে শুক্রবার রাত ১১টার দিকে পাবনার উদ্দেশে রওনা হয়। তারা রাত দুইটার দিকে সদর উপজেলার ধোপাঘাটা বড় ব্রিজের কাছে পৌঁছলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা র‌্যাবের গাড়ি লক্ষ করে গুলি ছুঁড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালায়।

প্রায় ৯/১০ মিনিট ধরে উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের সময় সন্ত্রাসী বাচ্চু পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়।

গুরুতর আহত অবস্থায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

র‌্যাব ঘটনাস্থল থেকে একটি শাটার গান, চার রাউণ্ড গুলি ও একটি হাসুয়া উদ্ধার করে।

বাচ্চুর বিরুদ্ধে তিনটি হত্যাসহ নয়টি মামলা রয়েছে।