টাঙ্গাইলে বিএডিসি’র কাছে ৮ শতাধিক কৃষকের বকেয়া ২ কোটি টাকা
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি’র চুক্তিবদ্ধ চাষীদের প্রাপ্য বোরো ধান বীজের দুই কোটি টাকা পরিশোধ না করায় জেলার তিনটি ইউনিটের আট শতাধিক কৃষক বিপাকে পড়েছে।
মে-জুন মাসে বিএডিসি চাষীদের কাছ থেকে এই বীজ ক্রয় করে। আগস্টের মধ্যে মূল্য পরিশোধ করার কথা থাকলেও ফান্ড না থাকার অজুহাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাষীদের প্রাপ্য বকেয়া পরিশোধ না করে ফিরিয়ে দিচ্ছে।
বিএডিসি (কন্ট্রাক্ট-গ্রোয়ার্স) টাঙ্গাইল জোন সূত্র জানায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জেলার তিনটি ইউনিটের নয়টি ব্লক থেকে চুক্তিবদ্ধ ৯০৭ জন চাষীর কাছ থেকে গত বোরো মৌসুমে ১৪ টাকা কেজি দরে দুই হাজার ৯৭ দশমিক ৩৪ টন বীজ কেনা হয়। এর মূল্য ছিল দুই কোটি ৯৩ লাখ ৬৮ হাজার টাকা।
গত আগস্ট পর্যন্ত এ খাতে ৭১ লাখ ৬৮ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এর থেকে মাত্র পাঁচশ’ টন বীজের মূল্য পরিশোধ করা হয়। বকেয়া রয়েছে দুই কোটি ২২ লাখ টাকারও বেশি।
টাঙ্গাইল, ঘাটাইল ও মধুপুরের চুক্তিবদ্ধ চাষীরা বিডিনিউজকে জানান, তারা বেশির ভাগই ধারদেনা এবং সুদের মাধ্যমে টাকা নিয়ে বীজ উৎপাদন করেছেন। আগস্টের মধ্যে বিএডিসি বীজের মূল্য পরিশোধ না করায় অধিকাংশ কৃষকই বিপাকে পড়েছে।
এছাড়া ঈদের আগে চাষীরা তাদের প্রাপ্য টাকা না পেলে ঈদের আনন্দ থেকেও বঞ্চিত হতে হবে বলে চাষীরা জানায়।
