২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে পুলিশের ক্রসফায়ারে চরমপন্থি নেতা নিহত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঠাকুর মালিথিয়া গ্রামে শনিবার ভোরে পুলিশের ক্রসফায়ারে চরমপন্থি সংগঠন গণমুক্তি ফৌজের এক শীর্ষ নেতা নিহত হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2005, 08:42 AM

Updated : 26 Apr 2022, 06:12 PM

নিহত নেতার নাম বাকা (৪০) ওরফে বিপ্লব ওরফে বিজয়। সে একই উপজেলার বড়বাড়ি বগুড়া গ্রামের নূর ইসলামের পুত্র।

পুলিশ সূত্র জানায়, শ্রীপুর উপজেলার মাশলিয়া গ্রাম থেকে শুক্রবার বিকালে বাকাকে পুলিশ গ্রেপ্তার করে। সে পুলিশের কাছে তার সহেযোগী এবং অস্ত্রভাণ্ডার সম্পর্কে ব্যাপক তথ্য দেয়। পুলিশ তাকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য শনিবার ভোর পৌনে চারটায় ঠাকুর মালিথিয়া গ্রামে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে বাকার সহযোগিরা পুলিশের ওপর গুলিবর্ষণ শুরু করে। পুলিশও পাল্টা গুলি চালায়।

উভয় পক্ষের মধ্যে প্রায় আধা ঘণ্টা বন্দুকযুদ্ধ চলে। এ সময় পুলিশের হেফাযত থেকে বাকা পালানোর চেষ্টা করলে ঘটনাস্থলেই ক্রসফায়ারে নিহত হয়।

দুই পক্ষের গুলি বিনিময়ের সময় দুই পুলিশ সদস্যও আহত হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে দুইটি শাটারগান, দুইটি দেশি তৈরি বন্দুক এবং বেশ কিছু পরিমাণ গুলি উদ্ধার করে।

নিহত বাকার নামে একাধিক হত্যা মামলাসহ ১২টি মামলা রয়েছে।