২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে বাংলা ভাইয়ের সহযোগী জেএমবি ক্যাডারের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

বাংলা ভাই এর অন্যতম সহযোগী ও মোল্লাহাটের জেএমবি ক্যাডার কালিম মোল্লা (২৩) শুক্রবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2005, 08:39 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

জবানবন্দিতে সে বাগেরহাটে ১৭ আগস্টের বোমা হামলার জন্যে পরিকল্পনা সভায় উপস্থিত থাকার কথা স্বীকার করেছে। ৮ দিনের রিমান্ড শেষে শুক্রবার দুপুরে কালিম মোল্ল্যা, তার বড় ভাই জসিম মোল্লা (৩২) ও ওবায়েদুর রহমান ভুইঞাকে (২৪) বাগেরহাট সদর থানা পুলিশ আদালতে পাঠায়। আদালত তাদের জেল হাজতে পাঠিয়েছে।

এ নিয়ে বাগেরহাটের বোমা মামলায় অভিযোগে গ্রেপ্তারকৃত আসামীদের মধ্যে ৪ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এরা হচ্ছে বারাকাতুল্লাহ আল মোর্শেদ, আনিসুজ্জামান ফকির, জিল্লুর রহমান ওরফে জিলু মোল্লা এবং কালিম মোল্লা।

ম্যাজিস্ট্রেট সরোজ কুমার নাথের এজলাসে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মোল্লাহাটের হেকমত মোল্লার ছেলে কালিম জানায়, গত ১৩ আগস্ট উত্তরকান্দি গ্রামের জিল্লুুর রহমান জিলু মোল্লার বাড়িতে অনুষ্ঠিত ঐ সভায় সাব্বির নামে এক ব্যাক্তি বোমাগুলো সরবরাহ করেছিলো। বোমা গ্রহণকারী ৭ জনের নাম কালিম জবানবন্দিতে প্রকাশ করেছে বলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই. মো. মোফাজ্জেল হোসেন জানিয়েছেন।

বাগেরহাট গোয়েন্দা পুলিশ গত ২ অক্টোবর খুলনার একটি মেস থেকে দুই সহোদর কালিম ও জসিম এবং মোল্লাহাট থেকে জিল্লুর ও ওবায়েদকে গ্রেপ্তার করেছিলো। গত ৬ সেপ্টেম্বর পুলিশ এই ৪ জনকে ৮ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে।

বাগেরহাটের পুলিশ সুপার এম.মোস্তফা কামাল জানান, তাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী ধৃত কালিম, তার পিতা হেকমত, ভাই মতিন ও জসিম জেএমবি’র সাথে সরাসরি সম্পৃক্ত। এ ছাড়া তার অপর ভাই আলিম মোল্লা চরমপন্থী জনযুদ্ধের সক্রিয় ক্যাডার। ২০০২ সালের ১৭ সেপ্টেম্বর সিদ্দিকুর রহমান বাংলা ভাই মোল্লাহাটে আওয়ামী লীগ নেতা তারাপদ পোদ্দারের বাড়িতে হামলা চালাতে এসে বড় গাওলা গ্রামে কালিম মোল্লাদের বাড়ি থেকে হেকমত ও মতিন মোল্লাসহ গ্রেফতার হয়েছিলো।