২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৭ আগস্টের বোমা হামলায় আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী জড়িত নয়: পররাষ্ট্র সচিব

পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিন বলেছেন, ১৭ আগস্টে দেশজুড়ে বোমা হামলাকারীদের সঙ্গে আন্তর্জাতিক কোনও সন্ত্রাসী গোষ্ঠীর যোগসূত্র ছিল না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2005, 06:58 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

তিনি বলেন, হামলাকারীরা দেশের ভিতরকার জঙ্গি। তারা বাংলাদেশের উদারপন্থী ভাবমূর্তি নস্যাৎ করতে এ হামলা চালায়। আমরা নিশ্চিত, এর সাথে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর কোনও যোগসূত্র নেই।

হেমায়েতউদিন বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাথে সন্ত্রাসবাদ বিরোধী কার্যকম আরো প্রসার ঘটাতে আগ্রহী।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ও জাতীয় নিরাপত্তা কাউন্সিল পেন্টাগনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে তিনি এখন ওয়াশিংটন রয়েছেন।

সারা দেশে ১৭ আগস্ট একযোগে ৫০০ বোমা বিস্ফোরণে দু’জন নিহত এবং তিনশ’র বেশি আহত হয়।

পররাষ্ট্র সচিব বলেন, বোমা হামলার ব্যাপারে যে প্রতিবেদন পাওয়া যায় তাতে বলা হয়েছে, বোমাগুলো ছিল হালকা ধরনের। তাছাড়া হামলাকারীদের সঙ্গে যদি বিদেশী বোমা বিশেষজ্ঞদের যোগসূত্র থাকত তাহলে ক্ষয়ক্ষতির পরিমান আরও বেশি হতো।

বোমা হামলার জন্যে সরকার নিষিদ্ধ ঘোষিত ইসলামী জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশকে (জেএমবি) দায়ী করেছে। হামলার সাথে জড়িত থাকার অভিযোগে সরকার এ পর্যন্ত ৪৫০ জনকে আটক করেছে, যাদের বেশির ভাগই জেএমবি সদস্য।

তিনি বলেন, ৮৫ শতাংশ মুসলিম জনসংখ্যা অধ্যুষিত দেশটিতে উদারনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠায় বাংলাদেশ দৃঢ় প্রতিজ্ঞ।