মারাত্মক এইডস ঝুঁকির মধ্যে চট্টগ্রাম
চট্টগ্রামে মরণব্যাধি এইডস রোগীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়াতে এ অঞ্চলকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ এলাকায় এইচআইভি/এইডস মহামারী আকারে ছড়িয়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, প্রধান সমুদ্র বন্দর, রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল, সৌন্দর্য্যমণ্ডিত পর্যটন কেন্দ্র, আন্তর্জাতিক বিমানবন্দর থাকায় এবং কর্মসংস্থানের জন্য এ এলাকার বহু লোকের মধ্য ও দূর প্রাচ্যে যাতায়াত রয়েছে। এছাড়া, প্র্রতিবেশী দুটি দেশেই অধিক হারে এইচআইভি/এইডস বিস্তার এবং বাংলাদেশের ভৌগোলিক অবস্থান গোল্ডেন ট্রায়াঙ্গেল এর খুব কাছে হওয়ায় দেশের অন্যান্য এলাকার চেয়েও চট্টগ্রাম এইচআইভি/এইডস বিস্তারের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
চট্টগ্রামকে দেশের এইচআইভি/এইডস বিস্তারের জন্য উৎপত্তিস্থল বলে মনে করা হলেও আজ পর্যন্ত এই মারাত্মক রোগ প্রতিরোধের জন্য কোনও সমন্বিত কর্মসূচী বা প্রাতিষ্ঠানিক রোগ নিরাময় কেন্দ্র স্থাপনের কার্যকরী পদক্ষেপ নেয়া হয়নি। তবে বিদেশি কিছু দাতাসংস্থা এ রোগের বিস্তার প্রতিরোধে এগিয়ে এসেছে।
জার্মান দাতাসংস্থা জিটিজেড চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সহায়তায় প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে ‘এক্সটেনসিভ মাল্টিডিসিপ্লিনারি এইচআইভি/এইডস প্রোগাম’ নামে একটি প্রকল্প গ্রহণ করেছে।
গত ৫ অক্টোবর ডা. গোল্ডার ডিজ ও ডা. সুজানা গ্রিমের নেতৃত্বে জিটিজেড’র একটি প্রতিনিধি দল চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর সাথে তার কার্যালয়ে দেখা করে এই প্রস্তাব দেন।
আলোচনাকালে প্রতিনিধি দল প্রকল্প বাস্তবায়নে আর্থিক সহায়তার পাশাপাশি কারিগরি সহায়তা দেয়ার আগ্রহ প্রকাশ করে।
প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে একটি এইচআইভি/এইডস ক্লিনিক স্থাপন করা হবে বলেও চসিক’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সরফরাজ খান চৌধুরী বিডিনিউজকে জানান।
চসিক’র সহকারী স্বাস্থ্য কর্মকর্তা এবং এ প্রকল্পের সদস্য সচিব ডা. সেলিম আক্তার চৌধুরী জানান, ইতোমধ্যে স্বাস্থ্য ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমতি পেয়ে যাওয়া এই প্রকল্পটি বর্তমানে পরিকল্পনা কমিশনের অনুমোদনের অপেক্ষায় আছে।
পরিকল্পনা কমিশনের অনুমোদনের পর দাতাসংস্থা ও চসিক’র মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে বলেও তিনি জানান।
চসিক সূত্র জানায়, প্রকল্প বাস্তবায়নের জন্য ইতোমধ্যে মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীকে প্রধান করে তিনটি (কার্যকরী, পরিচালনা, সমন্বয়) কমিটি গঠন করা হয়েছে।
প্রস্তাবিত এইডস ক্লিনিকটি সার্বক্ষণিকভাবে অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসক এবং নার্স কর্র্তৃক পরিচালানার পাশাপাশি থাকবে পূর্ণাঙ্গ ল্যাবরেটরি, স্বাস্থ্য শিক্ষা কেন্দ্র, পরামর্শক সভা, সেমিনার কক্ষ ও টিকাদান কেন্দ্র। এছাড়াও থাকবে পর্যাপ্ত ঔষধের ব্যবস্থা।
প্রস্তাবিত ক্লিনিকের অন্য অংশে থাকবে হোটেল, পতিতালায়গুলোতে এসটিডি ও এইডস্ নিয়ন্ত্রণ, শতভাগ কনডমের ব্যবহার নিশ্চিত করা, স্বাস্থ্য উন্নয়ন, মা ও শিশুদের এসটিডি ও এইডস্ রোগের বিস্তার ও প্রতিরোধে নজরদারি।
চট্টগ্রামে এই প্রকল্পের সফল বাস্তবায়নের পর জার্মান দাতা সংস্থা পর্যায়ক্রমে দেশের অন্যান্য অঞ্চলে এইচআইভি/এইডস নিয়ন্ত্রণে কর্মসূচি গ্রহণ করবে বলে সূত্র জানায়।
সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী সিলেটের পরে দেশের দ্বিতীয় সর্বোচ্চ এইডস রোগী রয়েছে চট্টগ্রামে। এরপরেই রয়েছে ঢাকা, খুলনা, রাজশাহী ও বরিশালের অবস্থান।
বর্তমানে চট্টগ্রামে ৮০ জন এইচআইভি পজিটিভে আক্রান্ত। এদের মধ্যে ১৫ জন পূর্ণাঙ্গ এইডস রোগী। গত চার বছরে চট্টগ্রাম, কক্সবাজার ও নোয়াখালীতে ৬ জন এই মরণব্যাধিতে মারা গেছে বলে চট্টগ্রাম মেডিকেল কলেজের চর্ম ও যৌন রোগ বিভাগের প্রাক্তন প্রধান ডা. একিউএম সিরাজুল ইসলাম জানান।
কিন্তু বেসরকারি হিসাব অনুযায়ী এই সংখ্যা আরও বেশি বলে তিনি উল্লেখ করেন।
চট্টগ্রামে চলে আসা ঢাকা ও নারায়ণগঞ্জের পতিতা পল্লী থেকে উচ্ছেদ হওয়া যৌনকর্মী, মায়ানমারের সাথে অভিন্ন সীমান্ত বাণিজ্য, রোহিঙ্গা শরণার্থী, বন্দরের কারণে প্রচুর বিদেশির আসা যাওয়া ও পেশাদার রক্তদাতারা চট্টগ্রামকে এ মরণব্যাধির চরম ভীতির মধ্যে ঠেলে দিয়েছে বলে ডা. ইসলাম উল্লেখ করেন।
এসটিডি, কনডম ব্যবহার ও এইডস বিষয়ে চট্টগ্রামের ট্রাকচালক ও বন্দরের শ্রমিকরা দেশের অন্যান্য বিভাগের চেয়েও অনেক কম সচেতন বলে তিনি উল্লেখ করেন।
১৯৯০ সালে দেশে একজন নাবিক প্রথম এইডস রোগী হিসাবে সনাক্ত হয়। একই বছর এই রোগী পারসিসটেন্ট ডাইরিয়ায় মারা যায়। তার স্ত্রীর মধ্যেও এইচআইভি পজিটিভ সনাক্ত করা হয়। কিন্তু সৌভাগ্যবশত তার দুই সন্তান এইচআইভি পজিটিভ থেকে মুক্ত ছিল।
১৯৮১ সালে হলিউডের তারকা রক হাডসন মরণব্যাধি এইডসের জীবানু এইচআইভি পজিটিভে আক্রান্ত হওয়ার ঘটনায় সারা বিশ্ব কেঁপে উঠেছিলো।
এইডস বিষয়ে জাতিসংঘের বিশেষ সংস্থা ইউএনএইডস এর মতে এখন পর্যন্ত এই মরণব্যাধির প্রতিষেধক কিংবা সম্পুর্ণ নিরাময়ের কার্যকর কোনও ব্যবস্থা আবিষ্কার করা যায়নি।
