২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আমনের ফলন সন্তোষজনক

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এবার আমন ধানের বাম্পার ফলন না হলেও তা সন্তোষজনক পর্যায়ে পৌছাঁবে বলে কৃষক এবং কৃষি কর্মকর্তারা আশা করছেন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2005, 10:06 AM

Updated : 26 Apr 2022, 06:11 PM

লক্ষ্যমাত্রা অনুযায়ী ধারণা করা হয়েছিল এবার ব্যাপক উৎপাদন হবে। কিন্তু ভরা মৌসুমে বৃষ্টিহীনতা কৃষকদের সে আশা ম্লান করে দেয়।

বর্ষা মৌসুমের প্রথম দিকে বৃষ্টি না হওয়ায় ঝিনাইদহের বেশ কয়েকটি অঞ্চলে আমনের বেশ ক্ষতি হয়েছে।

অন্যদিকে যশোরের চৌগাছা, শার্শাসহ সদরে ধানের পোকা ও পচন রোগেও আমনের ক্ষতি করেছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, চলতি বছর খুলনা বিভাগের ১০টি জেলায় এবার রোপা আমনের জন্য লক্ষ্যমাত্রা ধরা হয় সাত লাখ ৪৯ হাজার হেক্টর জমি এবং আশা করা হয় উৎপাদন হবে ১৮ লাখ ৭২ হাজার ৩৮২ মেট্রিক টন।

কিন্তু বৃষ্টি নির্ভর রোপা আমনের জন্য ভরা মৌসুমে আগস্ট-সেপ্টেম্বর মাসে গড়ে বৃষ্টি হয়েছে ২৫০ মিলিমিটার। বৃষ্টি না হওয়ায় আমনের বাম্পার ফলন হুমকির মুখে পড়ে। কৃষকরা বাধ্য হয়ে সেচের ব্যবস্থা করেন। এতে ধানের উৎপাদন ব্যয়ও বেড়ে যায়।

অপরদিকে সেচ সুবিধাহীন এলাকাগুলোর মাঠের ধান শুকিয়ে যায়।

তবে মৌসুমের শেষ দিকে বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে বৃষ্টি হওয়ার জন্য ধানের ফলন কিছুটা পুষিয়ে যেতে পারে বলে কৃষকেরা ধারণা করছে।

যদিও এ অঞ্চলের কৃষকরা জানান, তাদের জমিতে ধানগাছ পচে যাচ্ছে।

এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অফিসের উপ-পরিচালক মেছের আলী বিডিনিউজকে জানান, মাজরা জাতীয় পোকার আক্রমন তেমন না হলেও বৃষ্টিহীনতায় আমন উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে।