২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে কর ন্যায়পাল হওয়ার মতো যোগ্য ব্যক্তি নেই: সাইফুর

রাজস্ব খাতে দুর্নীতি মোকাবেলায় সরকার কর ন্যায়পাল হিসেবে নিয়োগ দেয়ার মতো যোগ্য ও সৎ ব্যক্তির অভাব বোধ করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2005, 09:00 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

বুধবার ক্রয় সংক্রান্ত মন্ত্রী পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, এ পদের জন্য যোগ্য ব্যক্তি খোঁজা হচ্ছে। কিন্তু এ ধরণের প্রার্থী খুঁজে পেতে আমাদেরকে হিমশিম খেতে হচ্ছে।

কর প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য কর ন্যায়পাল নিয়োগে সরকারের বিশেষ করে অর্থমন্ত্রীর আবেদন ছিল।

অর্থমন্ত্রী বলেন, এমনকি কর ন্যায়পাল পদে নিয়োগ দেয়ার জন্য যুক্তরাষ্ট্র প্রবাসী কোনও যোগ্য বাংলাদেশী নাগরিকও খুঁজে পাওয়া যায় নি।

তিনি সাংবাদিকদের এই পদে নিয়োগ দানের জন্য একজন যোগ্য ব্যক্তির নাম করতে বলেন। তবে তিনি স্বীকার করেন, কর ন্যায়পাল পদে নিয়োগের জন্য অনেকেই তদবির চালিয়ে যাচ্ছে।

অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন, ঈদুল ফিতরের পর শিগগিরই এ পদে নিয়োগ দেয়া হবে।

এর আগে তিনি বলেছিলেন, আগস্টের মধ্যে কর ন্যায়পাল পদে নিয়োগ দেয়া হবে।

কমিটি সদস্য আওয়ামী লীগের সাঈদুল হক অভিযোগ করেন, সরকার বিরোধী দলের সাথে কোনও আলোচনা না করেই কর ন্যায়পাল নিয়োগের চেষ্টা করছে।

বিডিনিউজের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিলটি যাচাই-বাছাইয়ের জন্যে অর্থ মন্ত্রণালয়ের সংসদীয় বিষয়ক স্থায়ী কমিটির কাছে পাঠানো হলেও কমিটির সদস্যরা এ ব্যাপারে খুব বেশি অলোচনা করেননি।

দুর্নীতিতে নিমজ্জিত রাজস্ব খাতের তদারকি জোরদার করতে সরকার ১০ জুলাই কর ন্যায়পাল বিল পাশ করে।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, কর ন্যায়পালের মর্যাদা ও সুবিধাদি হবে হাইকোর্টের একজন বিচারপতির সমান। এছাড়াও তাকে একটি পৃথক কার্যালয় প্রদান করা হবে।