বড়পুকুরিয়া কয়লা খনি দুর্ঘটনা এড়িয়েছে কিন্তু উৎপাদন বন্ধ, ভবিষ্যত অনিশ্চিত
মারাত্মক গ্যাস বিপর্যয়ের মুখে বড়পুকুরিয়া কয়লা খনির উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। সিল করে গ্যাসের বিস্তার আর বিস্ফোরণ এড়ানো গেলেও দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত এই খনির ভবিষ্যৎ কী হবে, তা এখনও নিশ্চিত নয়।
জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজকে বলেছেন, ভুলভাবে এগুনোর কারণেই আজ আমাদের এই বিপর্যয়ের মধ্যে পড়তে হয়েছে।
খনির ভেতর কর্মরত সকল শ্রমিক এবং কারিগরি জনবলকে নিরাপদে ওপরে উঠিয়ে আনা সম্ভব হলেও যন্ত্রপাতি সরিয়ে নেয়ার চেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়েছে।
প্রায় ২৫৬ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে খনি উন্নয়ন শেষে বাণিজ্যিক উৎপাদন শুরুর মাত্র ২০ দিনের মাথায় এ মারাত্মক দুর্ঘটনা ঘটলো।
পেট্রোবাংলার একটি সূত্র বিডিনিউজকে জানায়, ৩০ সেপ্টেম্বর রাতে খনি এলাকায় কাজের সময় কার্বন মনো অক্সাইড গ্যাসের মাত্রাধিক্য উপস্থিতি পরিলক্ষিত হয়। প্রায় একই সময় খনিতে মারাত্মক দাহ্য মিথেন গ্যাস নিঃসরণ হতে শুরু করে।
মিথেন গ্যাস থেকে যাতে ভয়াবহ বিস্ফোরণ না হয়, সে জন্য দ্রুততার সাথে ৪৫০ বাই ১২০ মিটার খনন এলাকা সিল করার কাজ শুরু হয়। মঙ্গলবার এই সিল করার কাজ শেষ হয়েছে।
অপর একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজকে জানান, এ এলাকায় আদৌ আর কাজ করা যাবে কিনা, সেটি নিশ্চিত হওয়ার জন্যে তিন মাস থেকে এক বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। তিনি দাবি করেন, খনির অপর অংশ থেকে কয়লা আহরণ করা যাবে।
কয়লা খনন বিষয়ে অভিজ্ঞ একজন কর্মকর্তা অবশ্য দাবি করেছেন, এই খনিতে যে যন্ত্রপাতি ছিল, তা আর কাজে লাগবে না। এমনকি নিরাপত্তার প্রশ্নে পুরো খনি পরিত্যক্ত ঘোষণা করা প্রয়োজন হতে পারে। কিন্তু পরের পর্যায়ে কাজ শুরুর আগে এ বিষয়ে কিছু বলা যাবে না।
কয়লা খনন কাজে নিয়োজিত চীনা প্রতিষ্ঠান সুজু তাদের যন্ত্রপাতির জন্যে বীমা কোম্পানির কাছে ক্ষতিপূরণ দাবি করেছে।
তবে বড়পুকুরিয়া কয়লা খনির কর্মকর্তাদের সাথে ফোনে যোগাযোগ করা হলে দুর্ঘটনার কোনও খবর তাদের জানা নেই বলে তারা বিডিনিউজকে জানান।
অবশ্য শুরু থেকে প্রতিদিনের ঘটনা পেট্রোবাংলাকে মাঠ পর্যায় থেকে জানানো হয়েছে। কিন্তু বিষয়টি নিয়ে পেট্রোবাংলা দারুণ গোপনীয়তা রক্ষা করছে।
বড়পুকুরিয়া কয়লা খনির মোট মজুদের পরিমাণ ৩০৩ মিলিয়ন মেট্রিক টন। এর মধ্যে ১৫ থেকে ২০ শতাংশ উত্তোলনযোগ্য। বড়পুকুরিয়ার সাথে চুক্তির আওতায় চীনা প্রতিষ্ঠান সিএমসি’র প্রতিদিন ৩,০০০ মেট্রিক টন করে কয়লা উত্তোলন করার কথা। সিএমসি’র সাব ঠিকাদার সুজু ১০ সেপ্টেম্বর থেকে প্রথম পর্যায়ে (১১১০ এলাকা) এক শিফটে কাজ শুরু করে। গড়ে তারা প্রতিদিন ৮৫০ মেট্রিক টন করে কয়লা উৎপাদন করছিল।
হঠাৎ করেই ৩০ সেপ্টেম্বর খনির ভেতর কার্বন মনো অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পায়। প্রথম দিন এর পরিমাণ ছিল ২০০ পিপিএম। ২ অক্টোবর তা বেড়ে দাঁড়ায় ৫,০০০ পিপিএম। একই সাথে মিথেন গ্যাসের পরিমাণ বেড়ে দাঁড়ায় সাড়ে ৪ শতাংশ।
একজন খনি বিশেষজ্ঞ বলছেন, বড়পুকুরিয়ার কয়লা মধ্যমানের স্ব প্রজ্জ্বলন ক্ষমতার। খনির ভেতর অক্সিজেনের স্পর্শে এসে আগুনের সূত্রপাত হয়। আর তা থেকে কার্বন মনো অক্সাইড গ্যাস নির্গমণ হতে শুরু করে।
খনি সিল করে দিয়ে বর্তমানে তা মনিটরিং করা হচ্ছে। জানা গেছে, দেয়াল ভেদ করে এই গ্যাস বাইরে আসছে না। কিন্তু এর দীর্ঘমেয়াদী প্রভাব কী হবে, তা এখনও নিশ্চিত নয়।
অন্যদিকে সুজু দ্বিতীয় পর্যায়ে ১১০১ এলাকায় কাজ শুরুর প্রক্রিয়া চূড়ান্ত করে রেখেছে। এ অবস্থায় সেখান থেকে কয়লা আহরণ শুরু করা যাবে কিনা, বিষয়টি নিশ্চিত নয়।
এদিকে এ কয়লা খনির দুর্ঘটনার কারণে বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। কেননা কয়লা উত্তোলন করা না গেলে ওই বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন শুরু করা যাবে না।
