২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-টঙ্গি-জয়দেবপুর মিটার গেজ লাইন ডুয়েল গেজে রূপান্তর অনুমোদন

ক্রয় সংক্রান্ত মন্ত্রী পরিষদ কমিটি বুধবার প্রায় ৩৩ কোটি টাকার ঢাকা-টঙ্গি-জয়দেবপুর মিটার গেজ লাইন ডুয়েল গেজে রূপান্তরের বিষয়টি অনুমোদন করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2005, 08:00 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

মন্ত্রণালয় বিভাগে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান। তিনি বলেন, রেলপথের এ ধরণের রূপান্তরে জনগণ অনেক লাভবান হবে।

এছাড়াও কমিটি মাওয়া-ভাঙ্গা সড়ক উন্নয়ন প্রকল্পের ঠিকাদারের ভেরিয়েশন অর্ডারও অনুমোদন করেছে। তবে কার্যসূচিতে থাকলেও খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর অনুপস্থিতিতে অ-বাসমতি চালের আমদানি সংক্রান্ত প্রস্তাব বৈঠকে উত্থাপন করা হয় নি।

অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, মিটার গেজ লাইন ডুয়েল গেজে রূপান্তরের জন্য জনগণ দীর্ঘদিন ধরে অপক্ষো করছে। এই উদ্যোগের মাধ্যমে জনগণ সরাসরি উপকৃত হবে।

সরকারি অর্থায়নে বাংলাদেশ রেলওয়ে ৮০ কিলোমিটার দীর্ঘ ঢাকা-টঙ্গি-জয়দেবপুর রেলপথ ডুয়েল গেজে রূপান্তর প্রকল্পের কাজ বাস্তবায়ন করবে।

বাংলাদেশ রেলওয়ে (প্রকিউরমেন্ট)’র পরিচালক আবু তাহের বলেন, একটি চীনা কোম্পানিকে প্রকল্পের ঠিকাদারি দেওয়া হয়েছে। সরকারি বিধি-ব্যবস্থার আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর শিগগিরই প্রকল্পের কাজ শুরু হবে।

মন্ত্রী বলেন, মাওয়া-ভাঙ্গা সড়ক উন্নয়ন প্রকল্প ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের একটি অংশ। প্রকল্প ব্যয়ের সঠিক হিসাব না করায় এখন ঠিকাদারকে আমাদের বেশি টাকা দিতে হবে।