২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকাত ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ, পুলিশসহ আহত ৫০, গ্রেপ্তার ১১

নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জে বুধবার গ্রেপ্তারকৃত একজন পলাতক আসামীকে তার পাঁচ শতাধিক সমর্থক থানা থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্ঠাকালে সৃষ্ট সংঘর্ষে পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2005, 06:18 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

পুলিশ জানায়, কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিন মুছাপুরের গ্রেপ্তারকৃত পলাতক আসামী তছির একজন কুখ্যাত ডাকাত এবং হত্যা, ডাকাতি, ধর্ষন,চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে ২৫ টি মামলা রয়েছে। পুলিশ ১১ বিক্ষোভকারীকে আটক করেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রেপ্তারকৃত পলাতক আসামী তছির মাঝিকে ছাড়িয়ে নিতে বুধবার সকাল সাড়ে ১০ টায় আত্মীয়স্বজনসহ তার বাহিনীর ৫ শতাধিক নারী-পুরুষ উপজেলা সদরে এসে বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও করে। এ সময় পুলিশ বাধা দিতে গেলে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। পুলিশ এ সময় লাঠিচার্জ করলে বিক্ষোভকারীরা পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে ১১ পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়।

আহত পুলিশ সদস্যরা হচ্ছেন আসআই সুদাংশু চক্রবর্তী ও ফকরুল আলম, এ.এসআই আবু আহম্মদ ও নির্মল চাকমা, কনস্টেবল নুরুল ইসলাম, মৃদুল কান্তি, মকবুল হোসেন ও ফজল আহম্মদ এবং বিশেষ আনসার সদস্য হাবিব, সাহাব উদ্দিন ও নজির আহমেদ। তাদের কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গ্রেপ্তারকৃত আহতদের পুলিশ প্রহরায় ঐ একই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদিকে পুলিশী গ্রেপ্তারের ভয়ে বাকি আহতরা গোপনে চিকিৎসা নিচ্ছে বলে জানা যায়।

এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে ৫শত জনকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় মামলা করেছে। গ্রেপ্তারকৃত তছিরকে অদালতে সোপার্দ করে ১০ দিনের রিমান্ড প্রার্থনা করা হয়।