২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

ঈশ্বরদী উপজেলার সুগার মিল গেটে সংঘটিত চাঞ্চল্যকর খালেক হত্যা মামলায় বিএনপি নেতা শরিফুল ইসলাম তুহিনসহ চারজনকে মৃত্যুদণ্ড এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2005, 05:14 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এএফএম আমিনুল ইসলাম মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।

মামলা ও চার্জশিটের বিবরণে জানা যায়, ২০০৩ সালের ৯ আগস্ট বেলা ১২টায় বিএনপি নেতা আব্দুল খালেককে হত্যা করা হয়। ওই দিন ঈশ্বরদী সুগার মিল গেটের সামনে সন্ত্রাসীরা তার মোটর সাইকেলের গতি রোধ করে এলোপাথারি গুলি করে।

দলীয় কোন্দল ও আধিপত্যের কারণে এ হত্যাকাণ্ড ঘটে বলে জানা গেছে। মামলার প্রায় সকল আসামি বিএনপির নেতা-কর্মী।

মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলো, বিএনপির নেতা শরিফুল ইসলাম তুহিন, বাচ্চু, আমিনুল এবং হান্নান। এদের মধ্যে তুহিনের বাড়ি পাবনার দাসুরিয়া এলাকায়। সে পাবনা ও ঈশ্বরদী এলাকার একজন শীর্ষ সন্ত্রাসী হিসেবে চিহ্নিত। বর্তমানে সে পলাতক রয়েছে। এদিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্তরা হলো, মোস্তাক বাবু, সুলভ, সাইফুল, নজরুল, আইনুল এবং এহিয়া।