২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে বাংলা ভাই-এর ক্যাডার দুই সহোদরসহ ৪ জেএমবি সদস্য গ্রেফতার

বাগেরহাট পুলিশ পৃথক অভিযান চালিয়ে খুলনা ও বাগেরহাট থেকে রোববার রাতে জেএমবি অপারেশন কমান্ডার সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইয়ের ক্যাডার দুই সহোদরসহ চার জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2005, 09:37 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

তাদের বাগেরহাট থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আটককৃতরা হচ্ছে, বাগেরহাটের মোল্লাহাটের বড় গাওলা গ্রামের হেকমত মোল্লার দুই পুত্র জসিম মোল্লা (২৩) এবং কালিম মোল্লা (৩২)। একই উপজেলার উত্তরকান্দি গ্রামের ওবায়েদ উল্লাহ (২৭) এবং গারফা গ্রামের জিল্লুর রহমান (২৭)।

বাগেরহাটের পুলিশ সুপার এম.মোস্তফা কামাল জানান, ওই দুই ভাইকে খুলনা শহরের দৌলতপুর এলাকার আল খালিদ ছাত্রাবাস এবং অপর দু’জনকে মোল্লাহাটের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে পুলিশ জানায়, ২৯ সেপ্টেম্বর মোল্লাহাট থেকে ধৃত রাজপাট আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান (৪০)কে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে। একই সাথে আটককৃত শেখ ইরান মাওলা (২৫)কে এখনও জিজ্ঞাসাবাদ চলছে। জঙ্গি তৎপরতায় জড়িত সন্দেহে ইরান প্রায় তিন বছর আগে একবার গ্রেফতার হয়েছিলো।

জানা গেছে, ২০০২ সালের ১৭ সেপ্টেম্বর রাতে মোল্লাহাটের গাওলা গ্রামে আওয়ামী লীগ নেতা তারাপদ পোদ্দারের বাড়িতে হামলা চালাতে এসে বাংলা ভাই হেকমত মোল্লার বাড়ি থেকে সহযোগীসহ গ্রেফতার হয়। এসময় হেকমত মোল্লা ও তার আরেক পুত্র আব্দুল মতিন মোল্লাকে গ্রেফতার করে।

জেএমবি’র সাথে এই পরিবারটির সংশ্লিষ্টতার কারণে ১৭ আগস্টের বোমা হামলার পর থেকে পুলিশ হেকমত মোল্লার পরিবারের ওপর কড়া নজর রাখছে। পুলিশ জানায়, হেকমত মোল্লা বর্তমানে গোপালগঞ্জের কোটালীপাড়ায় একটি মসজিদে কর্মরত হয়েছেন।