সার্ক সম্মেলনে সরকার নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা নেবে: মোর্শেদ খান
পররাষ্ট্রমন্ত্রী এম. মোর্শেদ খান সোমবার বলেছেন, আগামী ১২ ও ১৩ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য ১৩তম সার্ক শীর্ষ সম্মেলনের সময় সরকার নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেবে।
তিনটি জেলায় সোমবার বোমা বিস্ফোরণের ঘটনার পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় কার্যালয়ে মোর্শেদ খান সাংবাদিকদের বলেন, ইনশাল্লাহ, পূর্ব নির্ধারিত তারিখেই সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন অনুষ্ঠানের জন্য আমরা অতুলনীয় ও নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করব।
জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের প্রাক্কালে নিউইয়র্কে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গার মধ্যে বৈঠকের কথা উল্লেখ করে তিনি বলেন, ১৭ নভেম্বর শ্রীলঙ্কায় নির্বাচন সত্ত্বেও কুমারাতুঙ্গা সার্ক সম্মেলনে যোগদানের প্রতিশ্রুতি দিয়েছেন। এমনকি তা নির্বাচনের দিন হলেও তিনি উপস্থিত থাকবেন বলে বেগম জিয়াকে জানান।
