মাজারে বোমা হামলার জন্য জামাতকে অভিযুক্ত করলেন মাইজভান্ডারি
সম্প্রতি বিএনপি থেকে পদত্যাগ করা কেন্দ্রীয় নেতা নজিবুল বাশার মাইজভান্ডারি সোমবার সারাদেশের মাজার শরিফে সিরিজ বোমা হামলার জন্যে ক্ষমতাসীন জোট সরকারের অংশিদার জামাত-ই-ইসলামীকে অভিযুক্ত করেছেন।
তিনি মন্তব্য করেন, জামাত প্রধান ও শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামীর মন্ত্রীত্ব ত্যাগ করা উচিত এবং ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ভূমিকার জন্যে তার দলের (জামাত) উচিত জাতির কাছে ক্ষমা প্রার্থনা করা।
সোমবার বাংলাদেশ তরিকত ফেডারেশন নামে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেওয়ার উদ্দেশ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের পদ ত্যাগ করা মাইজভান্ডারি বলেন, আধ্যাত্মিকতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে মূল নীতি হিসেবে ধারণ করে বাংলাদেশ তরিকত ফেডারেশন গঠন করা হয়েছে।
১৯৯১ সালের সাধারণ নির্বাচনে মাইজভান্ডারি আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
নতুন রাজনৈতিক দল গঠনের নেপথ্য কারণ সম্পর্কে তিনি বলেন, আমরা বুঝতে পেরেছি ভোট নিয়ন্ত্রণের ক্ষমতা ছাড়া কেউ আমাদের গণ্য করবে না।
বাশার বলেন, সিলেট, আখাউড়া কিংবা দেশের অন্যত্র আমরা যখন স্বাধীনতা বিরোধী মৌলবাদী জামাতের হামলার শিকার হয়েছি, তখন কেউ আমাদের পাশে দাঁড়ায়নি।
সূত্র জানায়, ২০১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ, ১৯ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় সভাপতি মন্ডলি এবং ১০১ সদস্যের কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটি বাংলাদেশ তরিকত ফেডারেশন’র কার্যালয় পরিচালনা করবে। নাজিবুল বাশার ও মাওলানা জাকির হোসেন দলের চেয়ারম্যান ও মহাসচিব নিযুক্ত হয়েছেন।
জাকির হোসেন বলেন, জামাতকে বাদ দিলে তারা বিএনপি, আওয়ামী লীগসহ যে কোনও দলের সাথে জোট করবে।
সুন্নী পীর-মাশায়েকের সমর্থনে আহলে হাদীস ওয়া-আল জামাত, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট এবং আশেকান-ই-আউলিয়া’র মতো সংগঠন নতুন দল গঠনে সহায়তা করেছে।
আটরশি পীরের নেতৃত্বাধীন জাকের পার্টি বাংলাদেশ তরিকত ফেডারেশন’র সাথে জোট গঠন করবে বলে ধারণা করা হচ্ছে।
