মৎস্য আইন উপেক্ষা করে চলন বিলে অবাধে মৎস্য নিধন চলছে
মৎস্য আইন উপেক্ষা করে সিরাজগঞ্জের চলন বিলে অবাধে মৎস্য নিধন চলছে। বর্তমানে এটা সাধারণ দৃশ্যে পরিণত হয়েছে।
এলাকাবাসী জানায়, কতিপয় অসাধু লোক তাড়াশ উপজেলার আট ও নয় নম্বর ব্রিজে এবং ৩৫, ৩৬, ৩৭, ৩৮ ও ৩৯ নম্বর কালভার্টের নিচে অবৈধভাবে সুতি ও কারেন্ট জাল দিয়ে মাছ ধরছে এবং ব্রিজের নিচে হাজার হাজার বাঁশের আঁড় বেঁধে মহাসড়কের উল্লেখযোগ্য স্থাপনা ঝুঁকিপূর্ণ করে তুলছে।
ইতোমধ্যেই আট নম্বর ব্রিজের পূর্ব-পশ্চিম প্রান্তের অ্যাপ্রোচের চার/পাঁচ ফুট দেবে গেছে।
সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, নাটোর, রাজশাহী ও নওগাঁ জেলার অংশ বিশেষ নিয়ে গঠিত চলন বিলকে এক সময় উত্তরাঞ্চলের মৎস্য ভাণ্ডার বলা হত।
মৎস্য বিভাগ সূত্র জানায়, পাবনা ও নাটোর জেলার অংশে চলন বিলের গভীরতা সবচে বেশি। পুরো বর্ষা মৌসুমে প্রায় ৫০ থেকে ৬০ হাজার হেক্টর অংশে পানি থাকে। আগে ১৭৫ প্রজাতির স্বাদু পানির মাছ পাওয়া গেলেও এখন তা ১২০-এ নেমে এসেছে।
স্থানীয়রা জানান, আগে প্রতি বর্ষা মৌসুমে চলনবিলে প্রায় ৩০ হাজার মেট্রিক টন মাছ ধরা পড়তো, আর এখন মাত্র ১০ থেকে ১২ হাজার মেট্রিক টন মাছ ধরা পড়ে।
তারা আরও জানান, চলন বিলে স্থায়ী জেলের সংখ্যা প্রায় সাত হাজার হলেও বর্ষা মৌসুমে প্রায় ৫০ হাজার জেলে মাছ ধরায় ব্যস্ত থাকে।
চলন বিলে আটটি খাঁড়ি, ছোট-বড় প্রায় ১০০টি বিল এবং প্রায় আট/দশ হাজার পুকুর আছে। এগুলোর অধিকাংশই বর্তমানে প্রভাবশালীদের দখলে রয়েছে।
এদিকে সিরাজগঞ্জ-নাটোর-বনপাড়া মহাসড়ক চালু হওয়ার পর মহাসড়কের দু’ ধারে গড়ে উঠেছে বেশ কয়টি মাছের আড়ত। মহিষলুটি, মান্নাননগর ও সিরাজগঞ্জ রোড মৎস্য আড়ত এর মধ্যে উল্লেখযোগ্য। আড়তগুলোতে প্রতিদিন গড়ে প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার মাছ কেনাবেচা হয়। সরকারকে কোন রাজস্ব না দিয়েই স্থানীয় প্রভাবশালীরা এ ব্যবসা চালিয়ে যাচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, মাগুড়া-বিনোদ ইউনিয়নের বর্তমান ইউপি চেয়ারম্যানসহ প্রায় ৮০ জন লোক অবৈধভাবে এ ব্যবসার সাথে জড়িত।
এ ব্যাপারে জেলা কর্মকর্তা মোহাম্মদ আমিনুল হক বিডিনিউজকে জানান, মৎস আইনে ফিক্সড ইঞ্জিন বা স্থায়ীভাবে মাছ ধরার যন্ত্র পাতা সম্পূর্ণ অবৈধ। এ বিষয়ে চেয়ারম্যানকে বারবার অনুরোধ করেও কোন ফল হয়নি। এরপর আমি তাড়াশের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাসহ জেলা প্রশাসককে বিষয়টি মৌখিক এবং লিখিতভাবে অবহিত করেছি। কিন্তু প্রভাবশালী হওয়ায় জেলা বা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কোন কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি।
এদিকে তাড়াশ উপজেলার মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বদরুজ্জামান মানিক, তাড়াশের ওসি মোহাম্মদ জুলফিকার আলী গাজ্জালি এবং তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব শাহীনের কাছে জিজ্ঞাসা করা হলে তারা একে অপরকে দোষারোপ করেন এবং বিষয়টি তাদের কারও একার দায়িত্ব নয় বলে জানান।
নাটোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল গাফ্ফার বিডিনিউজকে জানান, ব্রিজের নিচে বাঁশের আঁড় বাঁধায় পানির স্রোতের স্বাভাবিক প্রবাহ ব্যহত হচ্ছে।
এছাড়া স্থানীয়রা চলনবিলের বিভিন্ন প্রজাতির মাছ রক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়েছে।
