২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম ওয়াসার মোহরা পানি শোধনাগার প্রকল্পের কাজ আগামী মাস থেকে শুরু হচ্ছে

চট্টগ্রাম ওয়াসার মোহরা পানি শোধনাগার সম্প্রসারণ প্রকল্পের বাস্তবায়ন কাজ আগামী ৩০ নভেম্বরের মধ্যে শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2005, 08:37 AM

Updated : 26 Apr 2022, 06:10 PM

গত ৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে এ নির্দেশ দেওয়া হয় বলে ওয়াসা সূত্র জানিয়েছে।

ভিত্তি প্রস্তর স্থাপনের দু’ বছরের মধ্যেও যে প্রকল্পের কাজ শুরু করা সম্ভব হয়নি সেখানে তড়িঘড়ি করে প্রকল্পটির বাস্তবায়ন কাজ শুরুর নির্দেশ সরকারের মেয়াদ শেষের প্রাক্কালে রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষার প্রয়াস বলে জানালেন নাম প্রকাশে অনিচ্ছুক ওয়াসার এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত ৬ অক্টোবর ২০০৩ সালে বাংলাদেশ সরকারের অর্থায়নে ১৯৮ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পটি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

২০০৩-০৪ অর্থবছরে প্রকল্পটির বাস্তবায়ন কাজ শুরু এবং ২০০৬ সালের জুনে এর কাজ শেষ করার সময় নির্ধারিত ছিল। কিন্তু অর্থ বরাদ্দ না থাকায় প্রধানমন্ত্রীর ভিত্তিপ্রস্তর স্থাপন সত্ত্বেও এর নির্মাণ কাজ শুরু করা যায়নি।

সম্প্রসারণ প্রকল্পটি বাস্তবায়িত হলে মোহরা পানি শোধনাগারের উৎপাদন ক্ষমতা দ্বিগুণ বৃদ্ধি পাবে। বর্তমানে চট্টগ্রাম ওয়াসা এ প্রকল্পে দৈনিক দুই কোটি গ্যালন পানি উৎপাদন করছে।

ওয়াসা সূত্র জানিয়েছে, এ প্রকল্পের জন্য সরকার ইতোমধ্যে মাত্র আট কোটি টাকা বরাদ্দ দিয়েছে। ঠিক সময়ে অর্থ পাওয়া গেলে আড়াই বছরের মধ্যে প্রকল্পটির কাজ শেষ হবে।

ওয়াসা সূত্র জানিয়েছে, এ প্রকল্পের দরপত্রে অংশগ্রহণকারী দেশি-বিদেশি আটটি প্রতিষ্ঠান বর্তমানে প্রকল্প এলাকায় প্রাথমিক মূল্যায়নের কাজ করছে। আগামী ১৪ অক্টোবরের মধ্যে প্রতিষ্ঠানগুলোকে তাদের প্রাথমিক মূল্যায়নের কাজ শেষ করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

২৫ অক্টোবেরর মধ্যে দরপত্রে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রাথমিক মূল্যায়ন প্রতিবেদন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখান থেকে ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভার কমিটিতে অনুমোদনের জন্য পাঠানো হবে।

চট্টগ্রাম ওয়াসার ঊর্ধ্বতন প্রকৌশলীরা মনে করছেন, বেঁধে দেওয়া সময়ের মধ্যে প্রকল্পের কাজ শুরু করা গেলেও তা কারিগরি দিক থেকে কতটা সুদৃঢ় ও ক্রুটিমুক্ত হবে সে ব্যাপারে আশঙ্কা রয়েছে।