বেসরকারি প্রাথমিক শিক্ষকদের কল্যাণ ট্রাস্টি বোর্ডে ১০ কোটি টাকার স্থলে জমা হয়েছে অর্ধেক
বেসরকারি প্রাথমিক শিক্ষকদের এক কালীন অবসর ভাতার জন্য বেসরকারি প্রাথমিক কল্যাণ ট্রাস্টি বোর্ডে ১০ কোটি টাকা জমা হওয়ার কথা থাকলেও সেখানে জমা হয়েছে মাত্র চার থেকে পাঁচ কোটি টাকা।
বিভিন্ন সময় সরকার বেসরকারি প্রাথমিক শিক্ষকদের চাকরি সরকারিকরণের প্রতিশ্রুতি দিলেও তা হয়নি। ফলে শিক্ষকরা তাদের প্রাপ্ত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বক্তারা এ কথা বলেন। সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির মহাসচিব আক্কাছ আলী শেখ।
সম্মেলনে তিনি আরো জানান, ২০০৪ সালের ফেব্রুয়ারি মাস থেকে শিক্ষকদের পুরাতন পে-স্কেলের বেতন থেকে অবসর ভাতার জন্য ২% হারে কেটে নেওয়া হয়। ফলে অবসরভাতার জন্য প্রতি মাসে শিক্ষকদের বেতন থেকে ত্রিশ লাখ টাকা কেটে নেওয়া হলেও কল্যান ট্রাস্টি বোর্ডে জমা হয়েছে চার থেকে পাঁচ কোটি টাকা। ফলে বাকি টাকা ব্যাংকে জমা না হওয়ায় কল্যান ট্রাস্টি বোর্ড মুনাফা থেকে বঞ্চিত হচ্ছে।
সম্মেলনে চাকরি সরকারিকরণের এক দফা দাবিতে শিক্ষকরা আন্দোলনরত অবস্থায় ঈদুল ফিতরের দিন ঈদের নামাজের পর প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাওসহ বিভিন্ন কর্মসুচি ঘোষণা করেছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী, যুগ্ম মহাসচিব মহিউদ্দিন খন্দকার, আব্দুস সাত্তার প্রমুখ।
