নেত্রকোণার বিলুপ্ত প্রায় মহাশোল নতুন করে চাষের উদ্যোগ
বিরল প্রজাতির মহাশোল মাছ বিলুপ্ত হওয়ার পথ থেকে রক্ষা করার জন্য নেত্রকোণাবাসী নতুন করে চাষের উদ্যোগ গ্রহণ করেছে।
কলমাকান্দা উপজেলা এবং নেত্রকোণা সদরের স্থানীয় লোকজনের মধ্যে বিভিন্ন পুকুরে মহাশোল মাছ চাষ করার আগ্রহ দেখা গেছে।
এলাকাবাসী জানায়, পদ্মার ইলিশ, মেঘনার রুই যেমন বিখ্যাত তেমনি নেত্রকোণার মহাশোল মাছও এক সময় বিখ্যাত ছিল।
এক সময় নেত্রকোণার কংশ, সুমেশ্বরী ও সিলেটের মধ্যবর্তী অঞ্চলে পর্যাপ্ত পরিমাণে এ মাছ পাওয়া যেত।
কিন্তু বর্তমানে বিভিন্ন নদীর সংযোগ স্থল বন্ধ হয়ে যাওয়া, বিবিধ রকমের কীটনাশক ব্যবহার এবং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্যহীনতার জন্য ঐতিহ্যবাহী মহাশোল মাছ বিলুপ্তির পথে।
স্থানীয়দের কাছে এ মাছ মাশৈল নামে পরিচিত।
এ প্রজাতির মাছ শামুক, ঝিনুক, পোকামাকড়, নুড়ি পাথরযুক্ত শ্যাওলা এবং ছোট প্রজাতির মাছ খেয়ে বেঁচে থাকে।
এ মাছ আকারে বড় হয় এবং খেতে খুবই স্বাদ।
বাংলাদেশে দু’প্রজাতির মহশোল মাছ পাওয়া যায়। একটি প্রজাতি হচ্ছে দেশীয় টর এবং অন্যটি হচ্ছে নেপালি বা হিমালয় টর পুঁটিটোরা।
টর মহাশোল মাছটি দেখতে অনেকটা মৃগেল মাছের মতো এবং নিচের চোয়ালের চেয়ে উপরের চোয়াল বেশি লম্বা।
অন্যদিকে, হিমালয়ের টর স্থানীয় মহাশোল থেকে ছোট।
পুরুষ মাছের তুলনায় স্ত্রী প্রজাতির মাছ আকারে ছোট হয়।
এ মাছের প্রজনন কাল তিনটি। জানুয়ারি-ফেব্রুয়ারি, মে-জুন এবং জুলাই-সেপ্টেম্বর মাস।
ঠাণ্ডা জায়গা মহাশোল মাছের বসবাসের উপযুক্ত স্থান।
একটি পরিপক্ক মহাশোল মাছের ওজন প্রায় ১৫-২০ কেজি হয় এবং ২০/২৫ হাজার টাকায় তা বিক্রি হয়।
