নরসিংদী, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এলাকায় প্রভাব বিস্তার করা নিয়ে নরসিংদী সদর উপজেলায় দুই গ্রামবাসীর সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে।
শুক্রবার ভোরে করিমপুর ইউনিয়নের শ্রীনগর গ্রামে এ সংঘর্ষ চলাকালে ছয়টি বাড়িঘরে ভাংচুরও চালানো হয় বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে।
আহতদের মধ্যে হেলেনা বেগমকে (৬০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এছাড়া নুরু মিয়া (৫০), সুরাইয়া বেগম (৪০), সখিনা (২০) ও ইসমাইলকে (১৮) নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আহত নুরু মিয়া নরসিংদী সদর হাসপাতালে জানান, বুধবার বিকালে গ্রামের অহিদ মিয়ার পক্ষের আবু জালালের সঙ্গে সামাদ মেম্বারের সমর্থক সাগরের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।
এর জেরে শুক্রবার সকালে অহিদ মিয়ার লোকজন দা, লাঠি ও টেটা নিয়ে সামাদের পক্ষের লোকজনের বাড়িঘরে হামলা চালালে দু'পক্ষের সংঘর্ষ শুরু হয়, বলেন নুরু মিয়া।
নরসিংদী সদর মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় কোনো পক্ষ মামলা করেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৪২ ঘ.
bdnews24