২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তে নিহতদের ‘অপরাধী’ বললেন বিএসএফ প্রধান

বাংলাদেশ-ভারত সীমান্তে গুলিতে নিহতদের ‘অপরাধী’ আখ্যায়িত করেছেন বিএসএফ মহাপরিচালক পঙ্কজ কুমার সিং।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2022, 07:26 PM

Updated : 22 Jul 2022, 12:59 PM

তার যুক্তি, সীমান্তে বিএসএফের গুলিতে নিহতের ঘটনাগুলো রাতেই ঘটে, আর রাতে অপরাধী ছাড়া সীমান্তে কারও যাওয়ার কথা নয়।

বৃহস্পতিবার ঢাকার পিলখানায় যৌথ সংবাদ সম্মেলনে বিজিবির প্রধান মেজর জেনারেল সাকিল আহমেদ পাশে রেখে এই যুক্তি হাজির করেন ভারতের সীমান্ত রক্ষী বাহিনী প্রধান।  

বিজিবি-বিএসএফ মহাপরিচালক (ডিজি) পর্যায়ে ৫২তম সীমান্ত সম্মেলনের আনুষ্ঠানিক বৈঠক শেষে এই সংবাদ সম্মেলনে আসেন দুজন।

বিএসএফ প্রধান পঙ্কজ বলেন, “সীমান্তে যাদের মৃত্যু হয়- তারা হয় কৃষক, না হয় মাছ বিক্রেতা বা অন্য কোনো পেশার। তারা সীমান্ত বেড়ার কাছে কী করেন? …রাত ১০টায়, ভোর ৪টায় তারা কেন সীমান্তে?”

“সব সমাজেই অপরাধী বসবাস করে, থাকে ভালো মানুষও”, এ প্রসঙ্গে বলেন তিনি। তিনি আরও বলেন, উভয় দেশের মানুষের জীবনই ‘মূল্যবান’।

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল জানান, সীমান্ত হত্যাকাণ্ডের বিষয়ে তাদের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তা শূন্যের কোঠায় নামিয়ে আনতে বিএসএফের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনা বহু দিনের। ২০১১ সালে সীমান্তের কাঁটাতারের বেড়ায় বাংলাদেশি কিশোরী ফেলানীর লাশের ছবি বিশ্বজুড়ে আলোচনা তৈরি করে।

এরপর দুই দেশের আলোচনায় ভারতের তরফ থেকে সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনতে প্রতিশ্রুতি এসেছে বহুবার। তবে হত্যা থামেনি। এ বছরের জুন পর্যন্ত পাঁচ বাংলাদেশি সীমান্তে নিহত হয়েছেন।

সংবাদ সম্মেলনে সীমান্তে হত্যার দিকটি তুলে ধরে সাংবাদিকরা প্রশ্ন তোলেন, এটি কি বিএসএফের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের ‘কমিন্টমেন্টের’ অভাব?

জবাবে পঙ্কজ সিং বলেন, “একই প্রশ্নই করা হয় প্রতিবছর। গত বছরও এই প্রশ্নের জবাব দিতে প্রস্তুত ছিলাম, আর এবছরও ‘বেটার’ প্রস্তুত।”

বিএসএফ ও বিজিবিকে ‘প্রফেশনাল’ সীমান্ত রক্ষী বাহিনী উল্লেখ করে তিনি বলেন, “আমরা হিউম্যান রাইটস বজায় রেখে কাজ করি।”

ভারতের অন্য সীমান্ত দেশগুলোর চেয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ বলে জানান তিনি।

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের অব্যাহত সমালোচনার মুখে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছিল, বাংলাদেশ সীমান্তে কর্তব্যরত বিএসএফ সদস্যদের প্রাণঘাতী নয়, এমন অস্ত্র দেওয়া হচ্ছে। 

তবে রাতে বিএসএফ সদস্যদের প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের কথা বৃহস্পতিবার বাহিনীর প্রধানের কথায়ই এসেছে।

পঙ্কজ সিং বলেন, “সব লিথাল ফায়ারিং হয়েছে রাতের বেলায়, দিনের বেলায় একটিও লিথাল অস্ত্রের ব্যবহার হয়নি। আপনারা এই কথা যাচাই করে দেখতে পারেন।

“এ সময়ের মধ্যে আমরা ভারতীয় সীমান্তে লিথাল অস্ত্রের ব্যবহার করছি এবং আটজন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। একজন বিএসএফ সদস্যও নিহত হয়েছেন।

সীমান্তে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার ‘কমানোয়’ বিএসএফ সদস্যদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে বলেও দাবি করেন পঙ্কজ।

তিনি বলেন, “তিনজন সদস্যের মধ্যে একজন লিথাল এবং বাকি দুজন নন লিথাল অস্ত্র বহন করে- এটা ভালো খবর; কিন্তু খারাপ খবর- অপরাধীরা বুঝতে পারে, তাদের কাছে লিথাল অস্ত্র মাত্র (একটি)”

অনেক ঘটনা দিনের বেলায়ও ঘটেছে এবং সীমান্তে যারা নিহত হয়েছেন, তাদের বুকে, চোখে গুলি লেগেছিল- এমন তথ্য সাংবাদিকরা জানালে বিএসএফ প্রধান বলেন, “দিনের বেলায় লিথাল অস্ত্র ব্যবহার হয়েছে, এমন তথ্য নেই।”

সীমান্তে হত্যাকাণ্ডের শিকারদের কীসের ভিত্তিতে তাদের অপরাধী বলছেন- এমন প্রশ্নে তার জবাব আসে, “জুডিসিয়াল সিস্টেম কিংবা কোনো অপরাধ না হওয়া পর্যন্ত আমরা কাউকে অপরাধী বলতে পারি না।

“ডিএমপি, কলকাতা পুলিশ ও সীমান্তে গোয়েন্দা সংস্থার সঙ্গে কথা বলে আমরা অপরাধীদের তথ্য বিনিময় করে তাদেরকে (সীমান্তে বিএসএফের গুলিতে নিহত) অপরাধী হিসেবে চিহ্নিত করি। সীমান্তে যাবতীয় অপরাধ দুই দেশের মাফিয়ারা নিয়ন্ত্রণ করেন।”

পঙ্কজ সিং বলেন, শিশু ও নারী পাচারের সঙ্গে জড়িতদেরই অবৈধভাবে সীমান্ত অতিক্রমের প্রবণতা বেশি।

ভারত থেকে রোহিঙ্গা অনুপ্রবেশের কয়েকটি ঘটনাও ঘটেছে। তা ঠেকাতে কী আলোচনা হয়েছে- সাংবাদিকরা প্রশ্ন করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদকে।

তিনি বলেন, “এই অনুপ্রবেশকারীদের আসতে সহায়তা করেছে উভয় পক্ষের দালাল চক্র। তাদের অনুরোধ করেছি, ভারতীয় অংশে দালাল চক্র সক্রিয় রয়েছে, তাদের খোঁজ বের করে ধরতে বলেছি। তাদের কার্যক্রম প্রতিহত করেন।”

তিনি জানান, তাদের কাছে থাকা পরিসংখ্যান অনুযায়ী এ পর্যন্ত প্রায় ৫১ পরিবারের ২১২ জন রোহিঙ্গা সদস্যকে শনাক্ত করতে পেরেছে বিজিবি।

“হয়ত বিভিন্ন দুর্গম পথে কিছু অনুপ্রবেশ ঘটেছে। এ বিষয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়েছে। শুধু রোহিঙ্গা নয়, কোনোভাবেই যাতে কোনো অবৈধ অনুপ্রবেশ না ঘটে, সে বিষয়ে আশ্বাস দিয়েছেন।”

সীমান্তে অপরাধ ঠেকাতে বিজিবি-বিএসএফের মধ্যে নিবিড় যোগাযোগে গুরুত্বারোপ করে মেজর জেনারেল সাকিল বলেন, “আমি বিশ্বাস করি, রিয়েল টাইমে যদি তথ্যে আদান-প্রদান হয়। তাহলে কিন্তু বিভিন্ন পর্যায়ে কমিনিকেশন গ্যাপ, এই গ্যাপ অনেকাংশে কমে আসবে। ইন্টার কমিনিকেশনের ফলে সব ধরনের সমস্যা সমাধান হবে।”

সীমান্তে মাদকসহ বিভিন্ন ধরনের চোরাচালান, মানব পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং সন্ত্রাসবাদ দমনে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য বিএসএফের সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানান তিনি।

যৌথ আলোচনার দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের পাঁচ দিনব্যাপী ৫২তম সীমান্ত সম্মেলন বৃহস্পতিবার শেষ হয়েছে। এ সম্মেলন শুরু হয়েছিল ১৭ জুলাই।

বিএসএফ মহাপরিচালক পঙ্কজ কুমার সিংয়ের নেতৃত্বে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ দেশটির ৯ সদস্যের প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করেন।

অন্যদিকে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যৌথ নদী কমিশন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সার্ভেয়ার জেনারেল অব বাংলাদেশ এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সংশ্লিষ্ট প্রতিনিধিসহ ২০ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল সম্মেলনে অংশ নেন।