২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বর্ণালঙ্কার ছিনতাই: এএসআই’র ৪ সহযোগী গ্রেপ্তার

ঢাকার গাবতলীতে সোনার গয়না ছিনতাইয়ের ঘটনায় পুলিশের এএসআই  এর পর চার সহযোগীকে গ্রেপ্তার করে ২০ ভরিসহ স্বর্ণসহ পাঁচ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2022, 06:58 PM

Updated : 02 Aug 2022, 11:57 AM

গ্রেপ্তাররা হলেন- মো. সোহেল আহম্মেদ পল্লব (৪৮), মো. পলাশ শেখ (৩৪), মো. মাসুদ রানা (৪৬) এবং রবিন হালদার পরেশ (৫০)।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকার সদরঘাট ও মেরাদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গত রোববার ঢাকার গাবতলী থেকে থেকে ৩৮ ভরি স্বর্ণালঙ্কার ছিনতাই হয়। পরে ঘটনায় জড়িত থাকার অভিযোগে রূপনগর থানার এএসআই জাহিদুল ইসলামকে সোমবার গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুণ-অর-রশিদ জানান, গ্রেপ্তার পলাশ পুলিশের একজন সোর্স। তার দেওয়া তথ্যের ভিত্তিতে এই লুটের ঘটনা ঘটে।

তিনি বলেন, “গ্রেপ্তার পুলিশ সদস্যের জড়িত থাকার বিষয়টি প্রথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তার কাছে আর কোনো তথ্য আছে কি না জানার চেষ্টা করছি।”

ঢাকার কোতয়ালী থানা এলাকার তাঁতী বাজারে ‘ধানসিড়ি চেইন’ এবং ‘বল হাউজ’ নামে দুটি স্বর্ণের দোকানের কর্মচারী টিটু প্রধানীয়ার অভিযোগের ভিত্তিতে এএসআই  জাহিদুলকে গ্রেপ্তার করা হয়।

টিটু মামলায় অভিযোগ করেন, রোববার সকালে তিনি একটি ব্যাগে স্বর্ণালঙ্কার নিয়ে যাচ্ছিলেন। এগুলো টাঙ্গাইলের মির্জাপুর ও সখীপুরের বিভিন্ন সোনার দোকানে পৌঁছে দেওয়ার কথা ছিল।

গাবতলীতে বাসের অপেক্ষা করার সময় ডিবি পরিচয় দিয়ে এএসআই জাহিদুল তাকে মোটর সাইকেলে তুলে মিরপুর বেড়িবাঁধে নিয়ে যান এবং সোনার ব্যাগ ছিনিয়ে নেন।

এরপর বেড়িবাঁধ থেকে কয়েকজনের পাহারায় তাকে অটোরিকশায় তুলে দেওয়া হয়। পরে ওই ব্যক্তিরা বিজয় সরণি এলাকায় নেমে যান।

টিটুর দায়ের করা মামলায় মোটরসাইকেলের নম্বর উল্লেখ করা হয়। পরে মোটরসাইকেলটি ওই এএসআইয়ের বলে পুলিশ নিশ্চিত হয়েছে। পুলিশ মটরসাইকেলটি জব্দ করেছে।

দারুস সালাম থানার ওসি তোফায়েল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার পুলিশ সদস্য জাহিদুলকে রিমান্ডে নেওয়া হয়।

তিনি বলেন, “মামলাটি বর্তমানে গোয়েন্দা পুলিশ তদন্ত করছে। জাহিদুলকে তাদের হেফাজতে নিয়ে গেছে।”

সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার হারুণ বলেন, “আমরা যে চারজনকে গ্রেপ্তার করেছি তাদের রিমান্ডে এনে বিস্তারিত জানার চেষ্টা করা হবে।”

ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজনের নাম পাওয়া গেছে এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

আরও পড়ুন

৩৮ ভরি স্বর্ণালঙ্কার ছিনতাই, ঢাকায় এএসআই গ্রেপ্তার