২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

৫২ উপজেলায় আর ভূমিহীন-গৃহহীন নেই কেউ: প্রধানমন্ত্রী

পঞ্চগড় ও মাগুরা জেলার সব উপজেলাসহ দেশের ৫২টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2022, 11:37 AM

Updated : 25 Oct 2022, 10:59 AM

মুজিববর্ষের প্রতিশ্রুতি অনুযায়ী বৃহস্পতিবার আরও ২৬ হাজার ২২৯টি পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করে তিনি এই ঘোষণা দেন।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী। লক্ষ্মীপুরের রামগতি; বাগেরহাটের রামপাল; ময়মনসিংহের নান্দাইল; পঞ্চগড় সদর এবং মাগুরার মহম্মদপুর প্রান্তে ঘর পাওয়া পরিবারের সদস্য এবং স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তারাও ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন। 

প্রধানমন্ত্রী বলেন, “আমি পঞ্চগড় ও মাগুরা জেলাকে এবং দুটি জেলার সকল উপজেলাসহ সারাদেশের ৫২টি উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করছি।”

দেশের প্রতিটি জেলা, প্রতিটি উপজেলাকে এভাবে ‘ভূমিহীন-গৃহহীনমুক্ত’ করার প্রত্যয় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “প্রতিটি জেলার মানুষ… তাদের একটা ঘর থাকবে, তাদের একটা স্থায়ী ঠিকানা থাকবে, তাদের একটা সুন্দর বাসস্থান থাকবে, তারা সুন্দরভাবে বাঁচবে। ইনশাআল্লাহ আমরা তা করে ফেলতে পারব। এটা আমি বিশ্বাস করি।”

আশ্রয়ণ প্রকল্পে যারা ঘর পেয়েছেন, তাদের জন্য স্যানিটারি ল্যাট্রিন, বিদ্যুতের ব্যবস্থাসহ নানা ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে বলে অনুষ্ঠানে জানান প্রধানমন্ত্রী। 

যারা নতুন ঘর পেয়েছেন, তাদের বিদ্যুৎ ও পানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পাশাপাশি মিতব্যয়ী হওয়ার অনুরোধ জানিয়ে শেখ হাসিনা বলেন, “কারণ যে ঘর-বাড়ি যা দিয়েছি, সেগুলো রক্ষা করা, উন্নত করা এটা আপনাদেরই দায়িত্ব।”

এ প্রকল্পের উপকারভোগীদের উদ্দেশে সরকারপ্রধান বলেন, “আপনাদের ঋণ দেওয়া হচ্ছে, ট্রেনিং করানো হচ্ছে, সেই ট্রেনিংয়ের সাথে সাথে আপনাদের নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থাও করতে পারছেন, সেটা আপনারা করবেন, নিজের জীবনটাকে আরো উন্নত করবেন। সেটাই আমরা চাই। 

“আপনাদের জীবনটা আরো উন্নত হোক, যেন আপনারা নিজেরাও ভূমি কিনে ঘর বাড়ি করতে পারেন, সেই রকম যোগ্যতাও আপনারা অর্জন করেন সেটাই আমরা চাচ্ছি।”

শেখ হাসিনা বলেন, “কারো কাছে হাত পেতে না, নিজের পায়ে দাঁড়িয়ে মর্যাদার সাথে বাঁচা। এটাই আমাদের সিদ্ধান্ত। সেটাই আমরা চিন্তা করি।”

Image
বাগেরহাটের রামপালে গৌরম্ভা আশ্রয়ন প্রকল্পে এই ঘরগুলো আগে হস্তান্তর করা হয়। সেখানে বাসিন্দাদের লাগানো গাছে লাল টিনের ঘরগুলো ছেয়ে গেছে সবুজে। ছবি: মোস্তাফিজুর রহমান

বাগেরহাটের রামপালে গৌরম্ভা আশ্রয়ন প্রকল্পে এই ঘরগুলো আগে হস্তান্তর করা হয়। সেখানে বাসিন্দাদের লাগানো গাছে লাল টিনের ঘরগুলো ছেয়ে গেছে সবুজে। ছবি: মোস্তাফিজুর রহমান

‘ভূমিহীন-গৃহহীনমুক্ত’ ৫২ উপজেলা

 

ঢাকার নবাবগঞ্জ; মাদারীপুর সদর; শরীয়তপুরের ডামুড্যা; কিশোরগঞ্জের কটিয়াদী; টাঙ্গাইলের গোপালপুর; মানিকগঞ্জের ঘিওর, সাটুরিয়া; রাজবাড়ীর কালুখালী।

 

ফরিদপুরের নগরকান্দা; নেত্রকোণার মদন; ময়মনসিংহের ভালুকা, নান্দাইল, ফুলপুর, ফুলবাড়িয়া; জামালপুর বক্শীগঞ্জ।

 

দিনাজপুরের নবাবগঞ্জ; ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী; নীলফামারীর ডিমলা; নওগাঁর রাণীনগর; জয়পুরহাটের পাঁচবিবি; রাজশাহীর মোহনপুর, চারঘাট, বাঘা; বগুড়ার নন্দীগ্রাম, দুপচাঁচিয়া; নাটোরের বাগাতিপাড়া।

 

চট্টগ্রামের পটিয়া, কর্ণফুলী, সাতকানিয়া, লোহাগাড়া; লক্ষ্মীপুরের রায়পুর, রামগঞ্জ; ফেনী সদর, ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম; গাইবান্ধার গোবিন্দগঞ্জ; পঞ্চগড়ের আটোয়ারী, পঞ্চগড় সদর, দেবীগঞ্জ, তেঁতুলিয়া, বোদা।

 

পাবনার ঈশ্বরদী; চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ; ঝিনাইদহের হরিণাকুণ্ডু; সাতক্ষীরার তালা; মাগুরার শ্রীপুর, মোহম্মদপুর, শালিখা, মাগুরা সদর; ঝালকাঠির কাঁঠালিয়া এবং পটুয়াখালীর দশমিনা।

মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের সঞ্চালনায় গণভবন থেকে শুভেচ্ছা বক্তব্য দেন আশ্রয়ণ প্রকল্পের পরিচালক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান।

সরকার প্রধানের মুখ্য সচিব আহমেদ কায়কাউস জানান, এর আগে তিন দফায় ১ লাখ ৮৫ হাজার ১২৯টি ঘর পেয়েছেন গৃহহীনরা। বৃহস্পতিবার পেল আরও ২৬ হাজার ২২৯টি পরিবার। এছাড়া আরও ৮ হাজার ৬৬৭টি ঘর নির্মাণাধীন।

এ প্রকল্পে এ পর্যন্ত ৪ হাজার ২৮ কোটি ৯৬ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। প্রথম ও দ্বিতীয় পর্যায়ে নির্মিত মোট একক ঘরের সংখ্যা ছিল ১ লাখ ১৭ হাজার ৩২৯টি।

বর্তমানে তৃতীয় পর্যায়ে বরাদ্দ হচ্ছে ৬৭ হাজার ৮০০টি। এর মধ্যে গত ২৬ এপ্রিল ৩২ হাজার ৯০৪টি ঘর হস্তান্তর করা হয়। তৃতীয় পর্যায়ে চরাঞ্চলের জন্য বিশেষ নকশায় হচ্ছে ১ হাজার ২৪২টি ঘর।