২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভর্তিতে শর্তাবলী উচ্চ শিক্ষায় বাধা সৃষ্টি করছে: শিক্ষামন্ত্রী

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে বয়সের বাধ্যবাধকতা, এক বারের বেশি পরীক্ষা দেওয়ার সুযোগ না রাখা, যে কোনো বিষয় নিয়ে পড়তে না পারার মতো বিষয়গুলো উচ্চ শিক্ষায় বাধা তৈরি করছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2022, 10:03 PM

Updated : 02 Aug 2022, 11:56 AM

বুধবার ঢাকার সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে উচ্চ শিক্ষায় অ্যাক্রেডিটেশন বিষয়ক সম্মেলন এবং অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, “ভর্তি পরীক্ষা নিয়ে অনেক কিছু করার আছে আমাদের। যখন সারা বিশ্ব সুযোগ অবারিত করার কথা বলছে, যখন জীবনব্যাপী শিক্ষার কথা আমরা বলছি, তখন কেন আমরা দেয়াল তুলছি? কেন আমরা বলছি, এই বয়সের পরে আর ভর্তি পরীক্ষা দিতে পারবে না, একবারের পর আর ভর্তি পরীক্ষা দিতে পারবে না? এই ধরনের বিষয়ে পড়ে আসলে আর ওই ধরনের পড়া যাবে না? আমার কাছে এটা বোধগম্য না।”

উচ্চ শিক্ষার সুযোগ অবারিত করার আহ্বান জানান দীপু মনি, যিনি এমবিবিএস সম্পন্ন করার পর আইনেও স্নাতকোত্তর ডিগ্রি নেন।

তিনি বলেন, “আজকে আমি আইন নিয়ে পড়ছি, কাল আমি টেকনিক্যাল কোন বিষয় নিয়ে পড়তে চাইলে আমি পারব না। আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আমি সাহিত্য নিয়ে পড়তে পারব না? কেন সব জায়গায় দেয়াল তুলে দেওয়া হল? এই যে আমরা জীবনব্যাপী শিক্ষার কথা বলছি, সেজন্য যে কোনো ধরনের শিক্ষায় যাওয়ার সুযোগটা অবারিত হতে হবে।

“সারা পৃথিবীতে পারলে, বাংলাদেশে পারব না কেন? যে বিশ্ববিদ্যালয়ে ঢুকছে, সে তো মেধা যাচাই করেই ঢুকছে। লজিস্টিক সমস্যা সমাধানের অনেক পদ্ধতিই আছে। কিন্তু তার জীবনের সব পথ বন্ধ করে দেওয়া ঠিক না।”

বিশ্ববিদ্যালয়ে শুধু শিক্ষার্থী ভর্তি না করিয়ে সঠিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করার আহবান জানান তিনি।

কর্মমুখী শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, “গ্রাজুয়েটরা সনদ নিয়ে বের হচ্ছে, কিন্তু তারা তাদের শেখাটা কত ভালভাবে কাজে লাগাতে পারছে, সেটা দেখাও আমাদের দায়িত্ব। সেকারণে আমাদের কর্মজগতের চাহিদার কথাটি মাথায় রাখতে হবে। সে কারণে উচ্চ শিক্ষায় কোথায় কোথায় সমস্যা আছে, সেগুলো নিরুপণ করে সেগুলোর সমাধান করতে হবে।”

উচ্চ শিক্ষায় মান অর্জনের বিকল্প নেই মন্তব্য করে তিনি বলেন, “আমাদের আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্য রক্ষারও প্রয়োজন রয়েছে। নিজেদের বিশ্বমানের করার জন্যই এই অ্যাক্রেডিটেশন কাউন্সিল।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দীক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক দিল আফরোজা বেগম, নিউজিল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক টিম জে পার্কিংসন, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সভাপতি অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদ।