২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘উপাত্ত সুরক্ষা আইন’ উপাত্ত নিয়ন্ত্রণের জন্য নয়: আইনমন্ত্রী

খসড়া ‘উপাত্ত সুরক্ষা আইন’ সম্পর্কে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এই আইন উপাত্ত নিয়ন্ত্রণের জন্য নয়, বরং উপাত্ত সুরক্ষার জন্য করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2022, 09:51 PM

Updated : 02 Aug 2022, 11:54 AM

রোববার ঢাকার একটি হোটেলে নতুন এই আইন প্রণয়নের বিষয়ে অংশীজনদের পরামর্শ ও মতামত নেওয়ার এক সভায় তিনি এ কথা বলেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে তৈরি খসড়া উপাত্ত সুরক্ষা আইন নিয়ে সভায় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও বক্তব্য দেন।

উপাত্ত সুরক্ষা আইন-২০২২ (খসড়া) এর ওপর গত এপ্রিলে অনলাইনে সর্বসাধারণের মতামত নেওয়া হয়।

এই খসড়া আইন নিয়ে পরের মাসে উদ্বেগ প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি। তারা বলছে, এই আইনের কিছু অংশ ব্যক্তিগত তথ্য সুরক্ষার নামে ‘প্রশাসনিক নিয়ন্ত্রণের ঝুঁকি’ তৈরি করতে পারে।

ওই সময় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জমান বলেছিলেন, “মানুষের ব্যক্তিগত তথ্য সুরক্ষার জন্য আইন করার উদ্যোগের জন্য স্বাগত জানাই। কিন্তু ব্যক্তিগত তথ্যের সুরক্ষার নামে, সরকারি বিশেষ করে প্রশাসনিক নিয়ন্ত্রণের ঝুঁকি তৈরি হয়েছে। যা মানুষের সংবিধান স্বীকৃতি মৌলিক অধিকার-বাক স্বাধীনতা, ব্যক্তিগত স্বাধীনতা ব্যক্তিগত তথ্যের স্বাধীনতা, গোপনীয়তার অধিকার খর্ব করার ঝুঁকি তৈরি করেছে।”

তিনি বলেছিলেন, “আইনে কিছু কিছু ধারণার কথা বলা হয়েছে, যার ব্যাখ্যা নেই। আইনে ব্যক্তিগত তথ্যের সুরক্ষার নিয়ন্ত্রক হিসাবে ডিজিটাল সিকিউরিটি এজেন্সিকে নিরঙ্কুশ ক্ষমতা দেওয়া হয়েছে, এর দরকার ছিল না। এটা ওই এজেন্সির এখতিয়ার বহির্ভূত। এই এজেন্সি যেকোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবে বলে বলা হয়েছে।”

রোববার অংশীজনদের পরামর্শ সংক্রান্ত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, “আমরা যে আইনটা করছি, সেটা যেন সর্বজনীন হয়, সেটা যেন আজকের পৃথিবী যেভাবে বদলাচ্ছে সেই পৃথিবীর যেন সঠিকভাবে আমাদের জনগণ ফেইস করতে পারে, সেটার জন্য।

“আমরা দুজনই (প্রতিমন্ত্রী) কিন্তু আমাদের বক্তব্যে অত্যন্ত পরিষ্কারভাবে বলেছি যে, এই আইনটা ডেটা কন্ট্রোল করার জন্য হবে না, আইনটা প্রটেকশনের জন্য হবে।”

এই আইন নিয়ে আরও দুই-তিনটা পরামর্শ সভা হবে জানিয়ে আইনমন্ত্রী বলেন, “সেসব কনসালটেশনের মাধ্যমে যেসব পরামর্শ আসবে, তার মধ্যে যেগুলো যুক্তিসঙ্গত পরামর্শ সেগুলোকে গ্রহণ করেই একটা আইন যেটা সকলের জন্য মঙ্গল আনবে এবং সকলে গ্রহণ করবে সেরকম আইনই হবে।”

আগামী সেপ্টেম্বরে উপাত্ত সুরক্ষা আইনের খসড়ার কাজ সম্পন্ন করে ডিসেম্বরে আইনটা পাস করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান আইনমন্ত্রী।

এই আইন পাশ হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে মত প্রকাশে স্বাধীনতার ক্ষেত্রে হস্তক্ষেপ আসবে কিনা জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, “বঙ্গবন্ধু যখন আমাদের এই সংবিধান উপহার দিয়েছিলেন, তখন সংবিধানে প্রটেকশন এবং গ্যারান্টি দিয়ে গেছেন, সেটাতে হাত দেওয়ার ক্ষমতা কারও নাই। যেহেতু আমরা আইনের শাসনে বিশ্বাস করি এবং আমাদের জাতির পিতার নীতি অনুসরণ করি, সে কারণে এতে আমরা হাত দেবই না।”

উপাত্ত সুরক্ষা আইনে মানুষের তথ্য পাচার না হওয়া কতটুকু নিশ্চিত হবে- এমন প্রশ্নে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, “আমরা খুব আশাবাদী যে এই উপাত্ত সুরক্ষা আইন বা নিরাপত্তা আইনের মধ্য দিয়ে আমরা আমাদের দেশের প্রত্যেক নাগরিকের, প্রতিষ্ঠানের এবং রাষ্ট্রের তথ্যের নিরাপত্তা এবং স্বাধীনতা নিশ্চিত করতে পারবো।

“এই মুহূর্তে বলা হচ্ছে ডেটা ইজ দ্য নিউ অয়েল। কেন বলা হচ্ছে? যেই দেশের যত বেশি তথ্য-উপাত্ত থাকছে তারাই বেশি ধনী। কারণ ডেটা বিশ্লেষণ করে এমন ধরনের নতুন নতুন সিদ্ধান্ত বা অ্যাডভারটাইজমেন্ট কিংবা নতুন নতুন প্রোডাক্ট তৈরি করা সম্ভব হচ্ছে যেটা কিন্তু বিলিয়ন এমনকি ট্রিলিয়ন ডলার মার্কেট সাইজ বায়ার আছে।”

এই আইন কার্যকর হলে নাগরিকদের মূল্যবান তথ্য-উপাত্ত সংরক্ষণ করা এবং অনুমতি নিয়ে এর বাণিজ্যিক ব্যবহারের সুযোগও তৈরি হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, “তখন আমরা ফেইসবুক-গুগলের মত মাল্টিনেশনাল, ইন্টারনেশনাল কোম্পানিগুলোকে তখন বাধ্য করতে পারবো যে, আমাদের ব্যক্তিগত, নাগরিকদের এমনকি রাষ্ট্রীয় তথ্যগুলো যাতে আমাদের সম্মতি বা অনুমতি ছাড়া ব্যবহার না করে বা বিক্রি না করে।”

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আয়োজনে এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের পরিচালনায় সভায় একই বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মো. মইনুল কবির, একই বিভাগের সাবেক জ্যেষ্ঠ সচিব মো. শহিদুল হকসহ আরও অনেকে বক্তব্য দেন।