প্রথমে বাসের ‘ব্লু বুক’ চুরি, পরে অর্থ আদায়
তারা যাত্রীর পরিচয়ে বাসে উঠতেন, তারপর কৌশলে বাসের কাগজপত্র (ব্লু বুক) চুরি করে গাড়ির মালিককে সেসব ফিরিয়ে দিতে আদায় করতেন অর্থ।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) চার সদস্যের এমনই একটা চক্রকে দলনেতাসহ গ্রেপ্তার করেছে।
গত কয়েক বছর ধরে চক্রের সদস্যরা প্রায় হাজার খানেক গাড়ির কাগজপত্র চুরি করে মালিকের কাছ থেকে গাড়ি প্রতি পাঁচ থেকে সাত হাজার টাকা আদায় করেছে বলে জানায় সিআইডি।
শনিবার ঢাকার মোহাম্মদপুরের বসিলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে সিআইডি রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।
দলনেতা রাকিব মিয়া ওরফে তুফানের সঙ্গে গ্রেপ্তার অন্যরা হলেন মো. শুকুর আলী (২৮), মো. হৃদয় হোসেন (২১) এবং মো. শামীম (২৫)।
তাদের কাছ থেকে গাড়ির কাগজপত্রও সিআইডি জব্দ করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধ ‘স্বীকার করেছে’ বলেও জানিয়েছে সিআইডি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মিরপুর লিংক, খাজাবাবা, বিকল্প পরিবহনের বাসে এই ব্যক্তিরা কাগজ চুরি করত। তারপর মালিকের কাছে চাঁদা দাবি করত। টাকা না দিলে গাড়ির ক্ষতি করবে বলেও চক্রটি হুমকি দিত।
মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এই অর্থের লেনদেন হত জানিয়ে সিআইডি বলছে, মালিকপক্ষের সঙ্গে ‘চাঁদার’ দর কষাকষিতে কখনও মাসও পেরিয়ে যেত তুফানদের।
সিআইডি বলছে, টাকা পেয়ে কাগজপত্র ফিরিয়ে দিতে চক্রটি কাজে লাগাত পথশিশুদের। পথশিশুদের হাতে পলিথিনের ব্যাগে কাগজপত্র ঢুকিয়ে ফোনে ঠিক করে নেওয়া ঠিকানায় পাঠিয়ে দিত তারা।
সিআইডি আরও জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানায় গাড়ির মালিকেরা তুফানের নাম উল্লেখ করে চাঁদাবাজির অভিযোগ জানায়। এরপর তারা তদন্তে নেমে চক্রটিকে শনাক্ত করেন।
