২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে অধ্যক্ষ ‘পেটানোর’ ঘটনায় উদ্বেগ ২৪ নাগরিকের

রাজশাহীর গোদাগাড়ীর এক কলেজ অধ্যক্ষ স্থানীয় সংসদ সদস্যের ‘মারধরের’ শিকার হওয়ার খবর শুনে উদ্বেগ জানিয়েছেন বিশিষ্ট ২৪ নাগরিক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2022, 07:26 PM

Updated : 02 Aug 2022, 11:53 AM

Image
রাজশাহী গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সেলিম রেজা

রাজশাহী গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সেলিম রেজা

বৃহস্পতিবার এক বিবৃতিতে তারা ওই ঘটনায় উদ্বেগ জানিয়ে এ বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন। তবে এদিনই সংসদ সদস্যের সঙ্গে সংবাদ সম্মেলনে এসে পুরো ঘটনার ভিন্ন বয়ান দেন ওই কলেজ অধ্যক্ষ।

২৪ নাগরিকের দেওয়ার বিবৃতিতে বলা হয়, “গত ৭ জুলাই রাজশাহীতে সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী নিজ কার্যালয়ে ডেকে একজন কলেজ শিক্ষককে নির্মমভাবে পেটানোর যে বর্ণনা আমরা গণমাধ্যমে পেয়েছি, তাতে আমরা বিস্মিত, স্তম্ভিত ও ‍উদ্বিগ্ন।

“একজন আইন প্রণেতা আইন লঙ্ঘন করতে পারেন না। একজন সংসদ সদস্যের কলেজ শিক্ষককে এভাবে পেটানোর ঘটনা ন্যক্কারজনক। একজন জনপ্রতিনিধি হয়ে সমাজের সম্মানজনক পেশা শিক্ষকতায় নিয়োজিতদের সম্পর্কে যে ঘৃণ্য অবমাননাকর মনোভাব প্রকাশ করেছেন। তাতে তিনি সংসদ সদস্যের শপথ ভঙ্গ করেছেন এবং সংসদ সদস্য পদে থাকার যোগ্যতা হারিয়েছেন বলে আমরা মনে করি।”

বিবৃতিদাতারা হলেন- অধিকারকর্মী সুলতানা কামাল, রাশেদা কে চৌধুরী, ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, নাট্যজন রামেন্দু মজুমদার, সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশ গুপ্ত, মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি নুর মোহাম্মদ তালুকদার, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, কৃষক সমিতির সভাপতি এসএমএ সবুর, মানবাধিকারকর্মী খুশি কবির, উন্নয়নকর্মী রোকেয়া কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ, অধ্যাপক রোবায়েত ফেরদৌস, সুপ্রিম কোর্টের আইনজীবী পারভেজ হাসেম, জাতীয় শ্রমিক জোটের সভাপতি আবদুল ওয়াহেদ, সংস্কৃতিকর্মী সেলু বাসিত, এ কে আজাদ, অলক দাস গুপ্ত, ইমারত শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, গণজাগরন মঞ্চের সংগঠক জীবনানন্দ জয়ন্ত, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক দীপায়ন খীসা, সংস্কৃতি মঞ্চের আহ্বায়ক সেলিম রেজা।

রাজশাহীর গোদাগাড়ীতে আওয়ামী লীগের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী গত ৭ জুলাই রাতে রাজশাহী নগরীতে তার রাজনৈতিক কার্যালয়ে ডেকেছিলেন উপজেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষকে।

সেখানে একটি ঘটনার সূত্র ধরে ওমর ফারুক অধ্যক্ষ সেলিম রেজাকে পিটিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। ওই অধ্যক্ষকে চিকিৎসকের কাছেও যেতে হয়েছিল।

অধ্যক্ষের সহকর্মীদের মাধ্যমে গত মঙ্গলবার ঘটনাটি প্রকাশ পেলে সাংবাদিকরা তার কাছে গেলে তিনি নির্যাতিত হওয়ার কথা স্বীকারও করেছিলেন।

কলেজ শিক্ষক সমিতির নেতারা ঘটনার প্রতিবাদ জানানোর পর বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয় একটি তদন্ত কমিটিও গঠন করে।

রাজশাহীতে অধ্যক্ষকে পেটানোর অভিযোগ এমপি ওমর ফারুকের বিরুদ্ধে  

রাজশাহীতে অধ্যক্ষকে ‘প্রহার’: তদন্তে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কমিটি

সেই অধ্যক্ষকে নিয়ে সংবাদ সম্মেলনে এমপি ফারুক, অভিযোগ অস্বীকার  

Image
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী

এরমধ্যেই বৃহস্পতিবার সংসদ সদস্য ওমর ফারুক তার সেই কার্যালয়েই অধ্যক্ষ সেলিম রেজাকে নিয়ে সংবাদ সম্মেলন করেন।

সেখানে সেলিম রেজা বলেন, সেদিন সেখানে সংসদ সদস্য কাউকে পেটাননি। শিক্ষকদের নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি হয়েছিল। গণমাধ্যমে ‘মনগড়া’ সংবাদ এসেছে।

তবে এক সপ্তাহ পরে সংবাদ সম্মেলনে আসা সেলিম রেজার মুখে জখমের চিহ্ন ছিল। যা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি কোনো উত্তর দেননি।

সংবাদ সম্মেলনে ওমর ফারুক বলেন, “মূলত ঈদের আগে শুভেচ্ছা বিনিময়র করার জন্য অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের ডাকা হয়েছিল। সেখানে অভ্যন্তরীণ কোন্দলে জড়িয়ে পড়েন তারা। বিশেষ করে অধ্যক্ষ আব্দুল আওয়াল রাজু ও অধ্যক্ষ সেলিম রেজার মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে আমি গিয়ে তাদের থামাই। আমি কাউকে সেখানে পেটাইনি।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নিন্দা

রাজশাহীর ঘটনায় নিন্দা জানিয়ে দোষিদের শাস্তি দাবি করে বিবৃতি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বৃহস্পতিবার সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক নিজামুল হক ভুঁইয়া স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, “সমিতি মনে করে সংসদ সদস্যের এই বর্বরোচিত কর্মকাণ্ড সংসদের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে এবং রাষ্ট্র পরিচালনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জনকে কিছুটা হলেও ম্লান করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সমাজ ও রাষ্ট্রের স্বার্থে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সংসদ সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছে।”