২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজ শেষে দেশে ফেরার পালা, প্রথম ফ্লাইট নামছে রাতে

হজ শেষে বাংলাদেশি হাজিদের প্রথম দলটি সৌদি আরব থেকে দেশে ফিরছেন রাতে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2022, 02:36 PM

Updated : 02 Aug 2022, 11:53 AM

৪১০ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফিরতি হজ ফ্লাইট বৃহস্পতিবার রাত ১০টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, হাজিদের ফেরা নির্বিঘ্ন করতে বেশ বিছু ব্যবস্থা নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

হজ ফ্লাইটের সূচি অনুযায়ী বিমানবন্দরে অতিরিক্ত দুটি গ্রিন চ্যানেল (কাস্টম জোন) করা হয়েছে। জমজমের পানি সংগ্রহের জন্য বরাবরের মতই আলাদা জায়গা রাখা হয়েছে।

এছাড়া বিমান থেকে নেমে যে যার ব্যাগ-স্যুটকেস সংগ্রহ করে সেটি বহনে যাতে ‘ট্রলি’ সমস্যায় না পড়তে হয়, সেজন্য ‘বিশেষ’ তদারকি থাকবে বলে জানান বিমানবন্দরের নির্বাহী পরিচালক।

তিনি বলেন, “হাজিরা যাতে নির্বিঘ্নে বিমানবন্দর থেকে বের হতে পারেন, সেজন্য নিরাপত্তায় নিয়োজিত আর্মড পুলিশ ও ঢাকা উত্তর ট্রাফিক বিভাগের সঙ্গে সমন্বয় করা হয়েছে।“

অন্যান্য এয়ারলাইন্সের ফিরতি হজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার থেকে। ফ্লাইনাসের প্রথম ফ্লাইট ঢাকায় নামবে শুক্রবার মধ্যরাতে। আর সৌদি এয়ারলাইন্সের ফিরতি ফ্লাইট শুক্রবার আসছে।

কোভিড মহামারীর ভয়বহতা কাটিয়ে ওঠায় দুবছর পর কিছুটা বড় পরিসরে হজ হয়েছে এবার। এ বছর বিভিন্ন দেশের ১০ লাখ মুসলমানকে হজে অংশ নেওয়ার সুযোগ দেয় সৌদি আরব। তবে এ সংখ্যাও মহামারীর আগের সময়ের তুলনায় অর্ধেক।  

এই ১০ লাখের মধ্যে সাড়ে ৮ লাখ মানুষ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসেন, বাকিরা সৌদিতে থাকেন। আর বাংলাদেশ থেকে এবার হজ গেছেন ৬০ হাজার মানুষ।

পুরনো খবর:

‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান  

হজে মারা গেলেন আরও এক বাংলাদেশি, মৃত্যু বেড়ে ১৫  

হজ ফ্লাইট শুরু ৫ জুন  

৪১০ হজযাত্রী নিয়ে ঢাকা ছাড়ল বিমানের প্রথম হজ ফ্লাইট