২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ময়লার গাড়ির চাপায় আহত বাইকচালকের মৃত্যু

ঢাকার মিরপুর ১৪ নম্বর সেকশনে ময়লার গাড়ির চাপায় আহত বাইকচালক মারা গেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2022, 06:57 PM

Updated : 02 Aug 2022, 02:01 PM

গুরুতর আহত অবস্থায় সাব্বির আহমেদ রকি ২৫)নামে ওই যুবককে বুধবার বিকালে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির কিছু ক্ষণ পরই তার মৃত্যু হয়।

বুধবার বিকাল সোয়া ৫টার দিকে পুলিশ স্টাফ কলেজের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কাফরুল থানার এসআই ভাস্কর রায়।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের একটি ময়লার ট্রাক ওই ব্যক্তিকে চাপা দেয় বলে প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছে।

পুলিশ গিয়ে ওই মোটর সাইকেলচালককে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়।

এসআই ভাস্কর বলেন, হাসপাতালে নেওয়ার পর নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়ার কথা বলে হলেও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা শুরু করেন চিকিৎসক। ৬টার কিছু আগে তাকে মৃত ঘোষণা করা হয়।

রকির বাসা মিরপুর কাজীপাড়ায়। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

পুলিশ কর্মকর্তা জানান, রকির পরিবারকে খবর দেওয়া হয়েছে। তার পরিবারের সদস্যদের সাথে কথা বলে বিস্তারিত পরিচয় জানা যাবে।

প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছে, মোটর সাইকেলটিকে চাপা দিয়ে ময়লাবাহী গাড়িটির চালক গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। জনগণ ধাওয়া করে কৃষি ব্যাংক কমপ্লেক্সের সামনে গাড়িসহ চালককে ধরে ফেলে।

ময়লার গাড়ির চালক আব্দুস সালামকে (৫০) পুলিশ আটক করেছে বলে জানান পুলিশ কর্মকর্তা ভাস্কর রায়।

পুরনো খবর:

ঢাকায় ময়লার গাড়িতে চাপা পড়ল বাইকচালক