পানি কমায় ঈদে বন্যা দুর্গতদের 'কিছুটা' আনন্দ দেখছেন প্রতিমন্ত্রী
দেশের বন্যা দুর্গত এলাকাগুলোতে পানি কমে যাওয়ায় সেখানে ঈদের আনন্দ ‘কিছুটা হলেও দেখা গেছে’ বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান।
ঈদের ছুটি শেষে মঙ্গলবার সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন প্রতিমন্ত্রী।
এনামুর রহমান বলেন, “বন্যায় জনগণ অনেক কষ্টের মধ্যে দিন অতিবাহিত করেছে। তবুও বন্যার পানি কমে যাওয়ায় কিছুটা ঈদের আনন্দ দেখা গেছে।“
ঈদে বানভাসিদের জন্য সরকারি সহায়তার প্রসঙ্গ ধরে প্রতিমন্ত্রী বলেন, পর্যাপ্ত ‘মানবিক’ ও ‘অর্থ’ সহায়তা তারা পেয়েছেন ।
ভারি বর্ষণে আসাম ও মেঘালয় থেকে ধেয়ে আসা ঢলে জুন মাসের মাঝামাঝি সময়ে বন্যায় তলিয়ে যায় সুনামগঞ্জ। বন্যা দেখা দেয় হবিগঞ্জ জেলা ও সিলেট শহরেও।
ক্ষেতখামার, রাস্তাঘাট, গোলার ধান এবং ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় সীমাহীন দুর্ভোগে পড়েন বন্যা কবলিত এলাকার মানুষ। জুনের শেষ দিকে পানি নামতে শুরু করলেও কোনো কোনো এলাকায় ঈদের দিনও পানি ছিল। ঈদের দিনটা বহু মানুষের আশ্রয়কেন্দ্রেই কেটেছে।
বানভাসি মানুষদের প্রতি ‘সমবেদনা জানিয়ে’ প্রতিমন্ত্রী সরকারের পুনর্বাসন পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, পর্যাপ্ত খাদ্য, চাল, টিন, গৃহনির্মাণ সামগ্রী মন্ত্রণালয়ে মজুদ রয়েছে।
“যে পরিমাণ প্রয়োজন হবে সে পরিমাণ ত্রাণ দেওয়ার সক্ষমতা আছে,” বলেন এনামুর রহমান।
তিনি জানান, ঈদে বন্যা দুর্গতদের মধ্যে নগদ ২ কোটি টাকা, ১ হাজার মেট্রিক টন চাল, চার হাজার বান্ডেল টিন, ১ কোটি ২০ লাখ টাকা গৃহনির্মাণ মজুরি বাবদ দেওয়া হয়েছে।
আগামীতে আরও ত্রাণ দেওয়ার পরিকল্পনা রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে প্রাধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা আছে, অতিরিক্ত কিছু লাগলে তিনি সাথে সাথে বরাদ্দ দেন।
“সিলেট-সুনামগঞ্জে যখন বন্যা চলছিল, আমাদের জিআর (জেনারেল রিলিফ) নগদ টাকা শেষ হয়ে গিয়েছিল, আমরা ১০ কোটি টাকা চেয়েছিলাম, তিনি পর দিন ২০ কোটি টাকা বরাদ্দ দিয়েছিলেন।“
এবারের বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, মন্ত্রণালয় সব তথ্য সমন্বয় করছে। পরে সংবাদ সম্মেলন করে তা প্রকাশ করা হবে।
