২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছুটি শেষেও ছুটির আমেজে ‍ঘুমঘুম সচিবালয়

কোরবানির ঈদ ঘিরে চার দিনের ছুটি কাটিয়ে অফিস আর ব্যাংক-বীমা প্রতিষ্ঠানগুলো খুললেও তেমন কর্মব্যস্ততা দেখা যায়নি প্রথম দিন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2022, 01:44 PM

Updated : 25 Oct 2022, 10:55 AM

ফাঁকা ঢাকার মত প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়েও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি কম; যারা অফিসে এসেছেন, তারও সময় কাটাচ্ছেন ঈদের আমেজে।

কর্মকর্তারা বলেছেন, পরিবারের সঙ্গে ঈদ করতে যারা ঢাকার বাইরে গেছেন, তাদের অনেকেই বাড়তি ছুটি নিয়েছেন। ফলে এ সপ্তাহ উপস্থিতি একটু কমই থাকবে।

করোনাভাইরাসের সংক্রমণ কম থাকায় এবং ছয় দিনের ছুটি মিলে যাওয়ায় রোজার ঈদে অফিসকর্মীরা বাড়ি গিয়েছিলেন বেশ স্বস্তি নিয়ে। এবার অত বেশি ছুটি মেলেনি, বরং শনিবারের সাপ্তাহিক ছুটি পড়েছে ঈদের তিন দিনের ছুটির মধ্যে। 

সারাদেশে রোববার কোরবানির ঈদ উদযাপিত হয়। ঈদের সরকারি ছুটি শেষ হয়েছে সোমবার। যারা আরও তিন দিন ছুটি নিতে পেরেছেন, তারা একেবারে আগামী রোববার এসে অফিস ধরার সুযোগ পাবেন।  

মঙ্গলবার প্রথম কর্মদিবসে সচিবালয়ে যারা কাজে যোগ দিয়েছেন, তাদের দেখা গেল প্রথম কয়েক ঘণ্টা কুশল বিনিময় আর গল্প-আড্ডায় ব্যস্ত। কয়েকটি মন্ত্রণালয় ঘুরে দেখা গেল, কোনো কোনো দপ্তরে পাঁচজন কর্মকর্তাদের মধ্যে দুজন উপস্থিত। অনেক কক্ষে চেয়ার টেবিল ফাঁকা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, “উপস্থিতি কম, অনেকেই ছুটি নিয়ে বাড়ি গেছেন। এই সপ্তাহের বাকি দিনগুলো এভাবেই যাবে।”

বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সচিবদের মধ্যে যারা মঙ্গলবার কাজে ফিরেছেন, তারাও সচিবালয়ে এসে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সকালেই নিজের দপ্তরে আসেন। তথ্যমন্ত্রী হাছান মাহমুদ দুপুরের দিকে কার্যালয়ে আসবেন বলে জানালেন জনসংযোগ কর্মকর্তা আকরাম হোসেন। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমানেরও অফিস করার কথা রয়েছে।

সচিবালয়ে লিফটগুলোর সামনেও এদিন ভিড় ছিল না, দর্শনার্থী কক্ষ ছিল ফাঁকা। আর গাড়ি রাখার জায়গা ছিল অনেকটাই খালি।

সচিবালয়ে কর্মরত পুলিশ সদস্য মিজানুর রহমান বলছেন, “ঈদের পরে তো, লোকজন একটু কমই আসছে।”