হাতিকে ঈদ বোনাস আর ‘ওয়াটার বাক’ চেনার দিন
গাজীপুর সদর থেকে শিশুদের নিয়ে তিন পরিবারের ৯ জন বেরোলেন শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের উদ্দেশে, সারাদিন বেড়ানোর পরিকল্পনায় সঙ্গে নিলেন দুপুরের খাবার।
বাসা থেকে কিছু দূর যাওয়ার পর শিশুরা বায়না ধরল, সাফারি পার্কতো আগেও যাওয়া হয়েছে, এবার যাবে জাতীয় চিড়িয়াখানায়।
সেই আবদার মেটাতে পথ পাল্টে তারা এলেন ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানায়; সেখানে সময় কাটল পশুপাখিদের সঙ্গে।
ঈদের পর দিনের এ ভ্রমণ নিয়ে ওই দলের একজন নুরুল ইসলাম বলছিলেন, “আমরা সাফারি পার্কে যাব ভাবছিলাম। কিন্তু বাচ্চারা সবাই এদিকে নিয়ে আসছে। সারাদিন ঘোরার ইচ্ছা আছে আমাদের।”
নূরুলের ৮ বছর বয়সী মেয়ে তাসফিয়া জানাল, বাঘ, সিংহ, হরিণ, বানরসহ বহু প্রাণী আর বর্ণিল সব পাখি ইতোমধ্যে দেখে ফেলেছে। এর মধ্যে সিংহ তার ’সবচেয়ে বেশি ভালো লেগেছে’।
ঈদের আগে চিড়িয়াখানায় আনা আফ্রিকান সিংহের বাচ্চাগুলো দর্শনার্থীদের আনন্দে মাত্রা বাড়িয়েছে। এগুলোর সাথে পেলিকেনসহ ১৫-১৬টি নতুন প্রাণী যুক্ত হয়েছে। এখন চিড়িয়াখানায় সব মিলিয়ে ১২৮ প্রজাতির ৩ হাজার ৬৫টি প্রাণী রয়েছে। ছবি: আসিফ মাহমুদ অভি
তাসফিয়াসহ অগণিত শিশু আর নানান বয়সী হাজারো মানুষ সোমবার ঢাকার চিড়িয়াখানায় আসেন আনন্দঘন সময় কাটাতে।
পশুপাখি দেখা আর চেনার পাশাপাশি হৈ হুল্লোড়ে সময় পার করেন তারা। একেকটি খাঁচা আর লোহার বেড়ার সামনে তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
সেলফিতে কিংবা সনাতন মাধ্যমে আনন্দঘন সময় ক্যামেরাবন্দি করার চেষ্টাও ছিল মা-বাবা, শিশু আর আত্মীয়স্বজনদের মধ্যে।
সকাল ১১টার দিকে চিড়িয়াখানার সামনে গিয়ে দেখা গেল, অনেকগুলো লম্বা লাইন পেরিয়ে ঢুকতে হচ্ছে দর্শনার্থীদের; টিকেটের সাথে জড়িত কর্মীদের তৎপরতাও ছিল বেশ।
ঈদের পরদিন সোমবার বিভিন্ন বয়সী মানুষ পা রাখে মিরপুরের চিড়িয়াখানায়। ছবি: আসিফ মাহমুদ অভি
সব পশুপাখি দর্শনার্থীদের কাছে সমানভাবে পরিচিত বা জনপ্রিয় না হওয়ায় খাঁচা আর আবাস ঘিরে উপস্থিতির তারতম্য তাই ছিল লক্ষ্যণীয়।
মা-বাবাদের কোলেপিঠে চড়ে অনেক শিশুরা ঘুরে দেখেছে ১৮৬ একর আয়তনের এই চিড়িয়াখানার বিভিন্ন প্রান্ত। বন্য পশুপাখির এই আশ্রয়স্থলে সার্কুলার সড়কের দৈর্ঘ্যই সাড়ে তিন কিলোমিটারের।
কসরত দেখানো চিড়িয়াখানার হাতিকে ঈদ বোনাস দেওয়ার কথা জানাল মগবাজার থেকে আসা শিশু মাশরাফি বিন মোর্তুজা।
জিরাফের খাঁচার সামনে জটলা।ছবি: আসিফ মাহমুদ অভি
মাশরাফির বাবা ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন; ঈদের ছুটিতে তিন দিন আগে মা তাহেরা খাতুনের সঙ্গে গোপালগঞ্জ থেকে বাবার কাছে এসেছে সে।
কাদের সাথে দেখা হল চিড়িয়াখানায়? প্রশ্ন করতেই মাশরাফি বলল, “হরিণ দেখছি, বানর দেখছি, জলহস্তিও দেখছি, অনেক অনেক পাখি দেখছি।”
আর কী কী দেখেছে সে? ঝটপট উত্তর, “হাতি দেখছি, হাতিকে টাকাও দিয়েছি।”
হাতিকে টাকা? চার বছর বয়সী মাশরাফি বললো, “হাতি অনেক খেলা দেখাইছে। সবাই ঈদ বোনাস দিয়েছে, আমিও দিয়েছি।”
ঢাকার চাকুরে বাবার কাছে গোপালগঞ্জ থেকে এসেছে শিশু মাশরাফি, সোমবার তারা ঘুরতে যায় জাতীয় চিড়িয়াখানায়। ছবি: আসিফ মাহমুদ অভি
”বাচ্চারা বই পুস্তকে যা দেখে, এখানে এসে সবগুলো সরাসরি দেখতে পারে। বড়রাও জানতে পারে অনেক কিছু। আর সবুজঘেরা জায়গায় ভালো সময় কাটানো যায়।”
চিড়িয়াখানার পশ্চিমপ্রান্তের একটি সড়ক ধরে দুপুরে হেঁটে যাওয়ার সময়, কানে ভেসে এল সামনের একটি খোলামেলা খাঁচায় থাকা প্রাণীর পরিচয় নিয়ে দুই শিশুর কথোপকথন।
আনুমানিক ৫ বছর বয়সী শিশুদের একজন বলছিল, “ওই যে হরিণ”। তখন অন্যজন তাকে শুধরে দিতে চেয়ে বলল, “না, ওইটা হরিণ না, অন্য কিছু।”
এরপর খাঁচার সামনে গিয়ে তারা জানল, সেই প্রাণীর নাম ওয়াটার বাক।
চিড়িয়াখানার ভেতরে শিশুপার্কে ছিল মানুষের দীর্ঘ লাইন। সেখানে টিকেট কেটে চক্রাকার ট্রেন আর ’মেরি গো রাউন্ডে’ চড়ে উৎসবে মাতে শিশুরা।
প্রায় তিন ঘণ্টা চিড়িয়াখানার ঘুরে কী দেখা হয়েছে, আর কী হয়নি, সেই হিসাব মেলানোর সময় কথা হয় নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে আসা দুই বোন মারিয়া বিনতে মুরাদ আর নুসরাত ফারিয়ার সাথে।
নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে মা-বাবার সঙ্গে আসে দুই বোন মারিয়া ও ফারিয়া। ছবি: আসিফ মাহমুদ অভি
দুই বোনকে থামানোর চেষ্টা করছিলেন বাবা মুরাদ হোসেন আর মা লাকি আক্তার। তারা জানিয়ে দিলেন, তারা এখনও হাতির খাঁচার দিকে যাননি। একটু পর যাবেন।
দিনভর ঘোরার প্রস্তুতি হিসাবে নারায়ণগঞ্জের সাইনবোর্ডের বাসা থেকে দুপুরের খাবার নিয়েই এসেছে চারজনের এই পরিবার। খাবার খেয়ে দুপুর ১টার দিকে চিড়িয়াখানার এক প্রান্তে বিছানা চাদর পেতে বসে ছিলেন তারা।
ফারিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালো, “অনেক পশুপাখি দেখেছি আমরা। বনের রাজার বন্ধুর সাথেও আমাদের দেখা হয়েছে।”
কিন্তু বনের রাজার বন্ধুটা কে? প্রশ্ন শুনে বিস্ময় নিয়ে ফারিয়ার পাল্টা প্রশ্ন- “আপনি বনের রাজার বন্ধুকে চেনেন না! বনের রাজার বন্ধু বাঘ, বাঘ, রয়েল বেঙ্গল টাইগার।”
মূল প্রবেশপথ দিয়ে ঢোকার পর বানরের খাঁচার সামনে শিশু-বুড়োদের ঔৎসুক্য ছিল চোখে পড়ার মত। দড়ি বেয়ে উপর-নিচে তাদের আসা যাওয়া, ছোটাছুটি আর নাচন দেখতে দর্শকদের দারুণ আগ্রহ।
গাজীপুর থেকে আসা ৯ দর্শনার্থীর একজন রাফুল আলম জিহাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললো, বাঘ, হরিণ, সজারু, সিংহ আর অনেক পাখি সে দেখেছে। তবে বানর তার সবচেয়ে বেশি ভালো লেগেছে।
বাঘের খাঁচার সামনে সেলফি তুলতে দেখা গেল কয়েকজনকে। ছবি: আসিফ মাহমুদ অভি
ঈদ ঘিরে এমন বিপুল সংখ্যক দর্শনার্থীর কথা চিন্তা করে সব প্রস্তুতি নেওয়ার কথা বললেন জাতীয় চিড়িয়াখানার ভারপ্রাপ্ত পরিচালক মজিবুর রহমান।
“আমরা প্রস্তুতি নিয়েছি, যাতে দর্শকরা এখানে নিরাপদে ও স্বাচ্ছন্দে ঘোরাফেরা করতে পারে। বিনোদন, শিক্ষা, গবেষণা- যে মূল উদ্দেশ্য নিয়ে আমরা চিড়িখানা প্রতিষ্ঠিত করেছি, সেই উদ্দেশ্য যাতে ফুলফিল হয়, সেজন্য আমরা কাজ করি।”
ঈদের আগে লামা, ওয়াইল্ড বিস্ট, আফ্রিকান সিংহ, পেলিকেনসহ পাঁচ প্রজাতির ১৫-১৬টি নতুন প্রাণী চিড়িয়াখানায় যুক্ত হয়েছে বলে জানান তিনি। সব মিলিয়ে ১২৮ প্রজাতির ৩ হাজার ৬৫টি প্রাণী সেখানে রয়েছে।
রোজার ঈদের চেয়ে এবার উপস্থিতি কম কি না, এ প্রশ্নের উত্তরে মজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটু কম মনে হচ্ছে। কোরবানির ঈদে মানুষের কাজ বেশি থাকে। গত রোজার ঈদের পরদিন এক-দেড় লাখের মতো উপস্থিতি ছিল।”
ইজারা নিয়ে জাতীয় চিড়িয়াখানার প্রবেশ টিকেট, পার্কিং, শিশুপার্ক, পাবলিক টয়লেট প্রভৃতিতে অর্থ আদায়ের কাজ করে একটি বেসরকারি প্রতিষ্ঠান।
চিড়িয়াখানার পরিচালক বললেন, এমনিতে লোকবল কম। ঈদের মানুষের উপস্থিতি বিবেচনায় নিয়ে কর্মীদের ছুটি বাতিল করেছেন তারা।
