২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোরবানির বর্জ্য: এবার ঢাকাকে সাফ করার পর্ব

রাজধানীর বিভিন্ন স্থান থেকে কোরবানির পশুর বর্জ্য অপসারণের কার্যক্রম শুরু করেছে ঢাকার দুই সিটি করপোরেশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2022, 07:19 PM

Updated : 25 Oct 2022, 10:54 AM

রোববার বেলা আড়াইটার দিকে মালিবাগ, কাকরাইল, মহাখালী, বনানী, বাড্ডা, যাত্রাবাড়ী, শনির আখড়া, জুরাইন, মানিক নগর, পল্টন ও নাখালপাড়া ঘুরে নগর সংস্থার কর্মীদের ব্যতিব্যস্ত হয়ে কাজ করতে দেখা গেছে।

মালিবাগের মৌচাকের কাছের সড়কে বিভিন্ন অলি-গলি থেকে বর্জ্য এনে ফেলা হয় বেলা ১১টার পরপরই। সেই স্তূপ থেকে ট্রাকে করে সিটি করপোরেশন বর্জ্য নিয়ে যাচ্ছে ল্যান্ডফিলে।

দক্ষিণ সিটি করপোরেশনের মালিবাগ এলাকার সুপারভাইজার হযরত আলী বলেন, “আমরা দুপুর ২টা থেকে কাজ শুরু করে দিয়েছি। ইতোমধ্যে এখান থেকে দুই ট্রাক চলে গেছে। আরেক ট্রাকে বর্জ্য তোলা হচ্ছে।”

কোথাও কোথাও ভ্যানে করে বর্জ্য নেওয়া হচ্ছে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে (এসটিএস)। সেখান থেকে ট্রাক ও পিকআপে যাচ্ছে ল্যান্ডফিলে।

সকালে জাতীয় ঈদগাহে নামাজের পর দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস নগরবাসীর উদ্দেশে বলেন, “আপনারা আমাদেরকে বর্জ্য অপসারণে সাহায্য করুন। যত্রতত্র ময়লা বা বর্জ্য ফেলবেন না। নির্দিষ্ট স্থানে রেখে দিন, আমাদের পরিচ্ছন্নতা কর্মী তা নিয়ে যাবে দ্রুত।”

বনানী এলাকায় নিয়োজিত এক পরিচ্ছন্নতা কর্মী সুলতান মিয়া বলেন, কোরবানির গরু-ছাগলের ভুঁড়ির বর্জ্যই বেশি। এরপর রয়েছে চাটাই, দড়ি, খড়কুটা, খড়।

“আমরা চেষ্টা করছে দ্রুত বর্জ্যগুলো নিয়ে সেখানে পানি দিয়ে ধুয়ে পরে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিতে। সেইভাবে আমাদেরকে করপোরেশন থেকে নির্দেশ দেওয়া হয়েছে।”

সুলতান মিয়া জানালেন, বনানীর কয়েকটি ব্লকে তারা ১৫ জন পরিচ্ছন্নতা কর্মী দুপুর থেকে কাজ করছেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশন কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণের ঘোষণা দিয়েছে। সংস্থার বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের ধারণা, এবার মহানগরের উত্তরে প্রায় ৬ লাখ কোরবানির পশু জবাই হতে পারে, হাট ও জবাই পশু মিলিয়ে ১১-১২ হাজার মেট্রিক টন বর্জ্য তৈরি হতে পারে।

আর দক্ষিণ সিটি বলছে, তাদের এলাকায় কোরবানির বর্জ্য অপসারণ করতে সময় লাগবে ২৪ ঘণ্টা। এ এলাকায় ১২ হাজার মেট্রিক টন বর্জ্য তৈরি হতে পারে বলে সংস্থার তরফ থেকে ধারণা করা হয়েছে।

বর্জ্য অপসারণ কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে শান্তিনগর এলাকার দোকানি আজগর শেখ বলেন, “এবার একটি সিস্টেমেটিক কাজ হচ্ছে বলে মনে হচ্ছে। আমি শান্তিনগর এলাকায় যে গলিতে থাকি, সেখানে পরিচ্ছন্নতা কর্মীরা দুপুর ১২টার মধ্যে ছোট ঠেলা গাড়িতে করে ময়লার ব্যাগগুলো সরিয়ে নিয়ে গেছে। পশুর ভুঁড়ি থেকে যেসব ময়লা বের হয়, সেগুলো দুর্গন্ধ ছড়ায় বেশি।

“এই কাজটা দ্রুত করায় এলাকায় কোনো দুর্গন্ধ নেই। আমার মনে হচ্ছে এবার ২৪ ঘণ্টার মধ্যে ঢাকায় অনেকটুকু পরিষ্কার হয়ে যাবে। তবে প্রকৃতি যদি একটু অনুকূল হয় এবং সন্ধ্যা অথবা রাতে বৃষ্টি হয়; তাহলে এটা হবে আমাদের জন্য সুখবর।”

ঢাকার দুই নগর সংস্থা থেকে আগেই ছয় লাখের বেশি পলিব্যাগ বাসাবাড়িতে সরবরাহ করা হয়েছিল কোরবানির পশু বর্জ্য তাতে রেখে দেওয়ার জন্য। পর্যাপ্ত ব্লিচিং পাউডার, স্যাভলন ব্যবহারের পাশাপাশি ওয়াটার বাউজারের মাধ্যমে জীবাণুনাশক মিশ্রিত পানিও ছিটানো হচ্ছে। বর্জ্য ব্যবস্থাপনায় দুই সিটি মিলিয়ে প্রায় ৯০০ যানবাহন ব্যবহার করা হচ্ছে।

কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। বর্জ্য অপসারণ নিয়ে যেকোনো অভিযোগ জানানো যাবে ফোন (১৬১০৬, ০২-৫৫৫০৫২০৮৪ ও ০৯৬০-২২২২৩৩৩) করে।

একই উদ্যোগ নিয়েছে দক্ষিণ সিটি কর্পোরশেনও।বর্জ্য অপসারণ নিয়ে কোনো অভিযোগ থাকলে ডিএসসিসির নিয়ন্ত্রণ কক্ষে ফোন (০২২২৩৩৮৬০১৪ ও ০১৭০৯৯০০৮৮৮) করতে অনুরোধ জানিয়েছেন সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ।

সকালে জাতীয় ঈদগাহে নামাজ শেষে উত্তরের মেয়র মো. আতিকুল ইসলাম বর্জ্য অপসারণে সবার সহযোগিতা চেয়ে বলেন, “ঢাকাবাসীকে অনুরোধ করব, আপনারা আমাদের সাহায্য করুন। আপনারা নির্দিষ্ট স্থানে বর্জ্যটা রেখে দিন।“