২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাগলের যে হাটের নেই ইজারাদার

জমজমাট হাটে নেই কোনো ইজারাদার, হাসিল নেওয়ার লোক কিংবা ক্ষণে ক্ষণে মাইকের ঘোষণা। স্বনিয়ন্ত্রিত ক্রেতা আর বিক্রেতা মিলেই জমে ওঠে ছাগল আর খাসির এই অস্থায়ী হাট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2022, 11:13 PM

Updated : 25 Oct 2022, 10:54 AM

রাজধানীর পলাশী মোড় থেকে বুয়েটের (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়) দিকে চলে যাওয়া সড়কের ফুটপাথ জুড়ে কোরবানির ঈদের আগে কয়েকদিন ধরে চলে বেচাকেনা।

শনিবার রাতে হাট ঘুরে দেখা যায় মাঝারি থেকে বড় আকাড়ের বকরি ও খাসির বেশ ভালো রকম উপস্থিতি।

তবে এর আগে ছাগলের সংকট দেখা দেওয়ায় অনেক ক্রেতাকেই বেশি দামে কিনতে হয়।

শনিবার সন্ধ্যার আগে দাম খানিকটা সুলভ হলেও একটু পরই চিত্র পাল্টে যায়। ক্রেতার উপস্থিতি বাড়তে দেখে বকরি-খাসির দাম বাড়িয়ে দিতে শুরু করেন বেপারীরা।

খবর পেয়ে অল্প সময়েই পদ্মা সেতু হয়ে ফরিদপুর আর মাদারীপুর থেকে শনিবার রাত ৮টার দিকে পিকআপ ভর্তি ছাগল নিয়ে হাজির হন আরও কয়েকজন বেপারী।

১০ হাজার থেকে সর্বোচ্চ ২৫ হাজার টাকা দাম হাঁকিয়ে তারা নিজ নিজ ছাগলের বর্ণনা দিচ্ছিলেন। সংকট দেখা দেওয়ায় রাতে আরও ছাগল আসবে বলেও জানান তারা।

ঢাকায় এর আগে ঈদের দিনেও ছাগল বিক্রি হতে দেখা যাওয়ায় ব্যবসায়ীরা এবারও তেমনটা আশা করছেন। সেই ভরসায় তারা হাটে নতুন করে ছাগল আনছেন।

এর আগে গত শুক্রবার বেলা সাড়ে সাড়ে ৩টার দিকে হাটে গিয়ে দেখা যায় একপাল ছাগল নিয়ে মাত্রই এসেছেন চুয়াডাঙ্গার ব্যবসায়ী সালাম সিকদার।

বেলা পড়ন্ত হওয়ায় পিক-আপ থেকে দ্রুত নামিয়ে ফুটপাতে সাড়িবদ্ধভাবে দড়ি দিয়ে বেঁধে দিলেন সঙ্গে আনা ছাগলগুলো। তার পাশেই বসে বিশ্রাম নেওয়ার চেষ্টা করছেন তিনি।

দীর্ঘ পথ পাড়ি দেওয়ায় ছাগলগুলো ক্লান্ত হয়ে কাঁপছিল। দড়ি উঁচু করে প্রাণিগুলোকে এমনভাবে বাঁধা হয়েছে যে, বসে ঝিমুনি দিতে পারছে না। তাই গরমের মধ্যে দাঁড়িয়েই হাঁসফাঁস করে শ্বাস নিচ্ছে।

ছাগলের আকার এবং উচ্চতা বোঝাতেই এমনভাবে বাঁধা হয়েছে জানিয়ে মধ্যবয়সী এ বেপারী বলেন, “গত চার বছর ধরে এখানে ছাগল-খাসি নিয়ে আসছি। এবার বড় সাইজেরগুলো আনছি…  জাতও ভালো।”

এ হাটে আনার কারণ জানিয়ে বলেন, “দাম ভালো পাওয়া যায়। ঢাকার ক্রেতারা বেশি দামাদামি করেন না।”

এক ঘণ্টায় পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে ৩টি ছাগল নিয়ে এসেছেন রাসেল শেখ।

তার সঙ্গে আরও কয়েকজন মিলে পিকআপ ভর্তি করে বকরি-খাসি নিয়ে এসেছেন। এজন্য মালিকানা শনাক্ত করতে প্রতিটি ছাগলের গায়ে বিশেষ চিহ্ন আঁকা হয়েছে।

প্রতিটি ছাগলের ওজন আনুমানিক ৩৫ কেজি হবে জানিয়ে তিনটির দাম হাঁকেন ৬০ হাজার টাকা। হাটে আসা পুরান ঢাকার বাসিন্দা হাজী মোহাম্মদ রশিদ দাম বললেন, ৩৬ হাজার টাকা।

দাম কম হয়েছে জানিয়ে রাসেল সেই ক্রেতাকে ফিরিয়ে দেন। কিছুক্ষণের মধ্যেই জয়নাল হোসেন নামে আরেকজন ক্রেতা দাম উঠালেন ৪৫ হাজার টাকা।

সেই দামেও ছাগল তিনটি না দেওয়ায় ফিরে যান জয়নাল। এসময় সেখানে থাকা অন্য ক্রেতাদের রাসেল বলেন, “এই দামে কেনাও হয়নি। আরেকটু দাম বাড়িয়ে লাভ হলেই বিক্রি করে দিব।”

কত দিন ধরে এ হাট বসছে তার সঠিক কোনো ধারণা না মিললেও কেউ বলছেন, ২৫ বছর, কেউবা তারও বেশি, আবার কয়েকজন জানিয়েছেন ১০-১৫ বছর তো হবেই।

এক সময় শুধু ঢাকায় পারিবারিকভাবে লালন-পালন করা খাসি-বকরি বিক্রি হলেও এখন এ হাটে ছুটে আসেন মাদারীপুর, পটুয়াখালী, ‍মুন্সীগঞ্জ, মানিকগঞ্জসহ সূদুর যশোর ও চুয়াডাঙ্গার বেপারীরাও।

হাটের বয়স সম্পর্কে বেশি কিছু না বলতে পারলেও প্রতিদিন পলাশী হয়ে আজিমপুর থেকে কাঁটাবনে যাতায়াত করা ব্যবসায়ী আল এহসান বলেন, “আমি গত ৭-৮ বছর ধরে দেখছি।

“বিভিন্ন জন নিয়ে আসে এখানে… আর গরু কিনে যাওয়ার সময় বা রিকশায় চড়ে যাওয়া পথচারীরা দাঁড়িয়ে কিনে নিয়ে যায়। এখানে কোনো প্রকার চাঁদা বা হাসলি দেওয়া লাগে না।

“তাই ক্রেতা-বিক্রেতা দু’জনই হ্যাপি। দিন দিন হাটে আসা ছাগলের সংখ্যা বাড়ছে।”

হাটের পাশেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মার্কেট। সবজি বিক্রেতা রুস্তম আলী বলেন, “আমি এরশাদের আমল থাইক্যা এই হাট দেখতাছি। প্রত্যেকবারই মানুষজন ছাগল নিয়া আসে। এহন বেশি আহে।”