২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্জ্য অপসারণে ঢাকার দুই সিটি কতটা প্রস্তুত

এবার কোরবানির ঈদে ঢাকায় ১২ লাখের বেশি পশু জবাই হবে। জবাই করা পশু এবং কোরবানির হাট মিলিয়ে প্রায় ২২ হাজার মেট্রিক টন বর্জ্য তৈরি হবে বলে ধারণা করছে ঢাকার দুই সিটি করপোরেশন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2022, 11:31 PM

Updated : 25 Oct 2022, 10:54 AM

ঢাকা উত্তর সিটি করপোরেশন কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণের ঘোষণা দিয়েছে। আর দক্ষিণ সিটি বলছে, ডিএসসিসি এলাকায় কোরবানির বর্জ্য অপসারণ করতে সময় লাগবে ২৪ ঘণ্টা।

উত্তর সিটির যে প্রস্তুতি

উত্তর সিটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের ধারণা, এবার মহানগরের উত্তরে প্রায় ৬ লাখ কোরবানির পশু জবাই হতে পারে। জবাই করা পশুর বর্জ্য এবং কোরবানির পশুর হাটের বর্জ্য মিলিয়ে ১১-১২ হাজার মেট্রিক টন বর্জ্য উৎপন্ন হতে পারে।

বর্জ্য অপসারণ করতে ৫৪ ওয়ার্ডের কাউন্সিলরদের মাধ্যমে পাঁচ লাখ পলিব্যাগ বিভিন্ন বাসাবাড়িতে সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

কোরবানির পশু জবাইয়ের স্থান পরিচ্ছন্ন করতে ৫৩ টন ব্লিচিং পাউডার, চার হাজার ৩৩০ লিটার স্যাভলন ব্যবহারের কথা জানাচ্ছেন এ সিটির কর্মকর্তারা। ঈদের দিন ১২টি ওয়াটার বাউজারের মাধ্যমে জীবাণুনাশক মিশ্রিত পানি ছিটানো হবে।

কোরবানির বর্জ্য কীভাবে সংগ্রহ করা হবে, এ প্রশ্নের উত্তরে উত্তর সিটির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল-ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোরবানির পর বর্জ্য সিটি করপোরেশন থেকে সরবরাহ করা ব্যাগে ভরে প্রতিটি বাড়ির সামনে রেখে দিতে হবে। সেখান থেকে করপোরেশনের ভ্যানে করে পরিচ্ছন্নকর্মীরা এসব ব্যাগ নিয়ে যাবে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে (এসটিএস)।

এসটিএস থেকে ট্রাকে করে বর্জ্য নিয়ে যাওয়া হবে ল্যান্ডফিলে। বর্জ্য অপসারণ, পরিবহন কাজে বর্জ্যবাহী ডাম্প ট্রাক, খোলা ট্রাক, ভারী যান-যন্ত্রপাতি, পানির গাড়ি মিলিয়ে ৫৮৫টি যানবাহন নিয়োজিত থাকবে। প্রতিটি বাড়ি থেকে দ্রুত বর্জ্য সংগ্রহ করা এবং প্রতিটি ওয়ার্ডে ভ্যানগাড়িতে করে ব্লিচিং পাউডার ছিটানো হবে।

এবার পশু কোরবানির জন্য এলাকাভিত্তিক কোনো স্থান নির্ধারণ করা হয়নি জানিয়ে তিনি বলেন, “আমাদের প্রায় ১০ হাজারের মতো কর্মী আছে; তাদের সঙ্গে আমরা বেশ কয়েকটি বৈঠক করেছি, তাদের মোটিভেট করেছি। কোরবানির বর্জ্য লোকজন যে পলিব্যাগে রাখবে, তা যেন আমরা ঠিকমতো আনতে পারি।”

উত্তর সিটির মেয়র আতিকুল ইসলামের ভাষ্য, ‘ভালোবাসার একদিন, নগরকে ভালোবাসি প্রতিদিন’ এই স্লোগানে ১২ ঘণ্টার মধ্যেই কোরবানির সব পশু বর্জ্য অপসারণ করার বিষয়ে তারা আশাবাদী।

“ঈদের দিন ও ঈদের পরদিন থেকে সিটি করপোরেশনে যাদের আমার দরকার তাদের তালিকা করা হয়েছে, তাদের ছুটিও বাতিল করা হয়েছে।”

তিনি জানান, কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় নগরভবনে একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। সেখানকার তিনটি নম্বর হচ্ছে: ১৬১০৬, ০২-৫৫৫০৫২০৮৪ ও ০৯৬০-২২২২৩৩৩।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

২৪ ঘণ্টায় শহর পরিষ্কার করবে দক্ষিণ সিটি

এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ছয় লাখের বেশি পশু কোরবানি হতে পারে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। পশু কোরবানির বর্জ্য এবং কোরবানির পশুর হাটের বর্জ্য মিলিয়ে এ এলাকায় ১২ হাজার মেট্রিক টন বর্জ্য তৈরি হতে পারে।

দক্ষিণ সিটি জানিয়েছে, প্রথমদিনের বর্জ্য অপসারণ করতে তাদের সময় লাগবে ২৪ ঘণ্টা। আর দ্বিতীয় দিন এসব বর্জ্য ১২ ঘণ্টায় অপসারণ করা হবে।

বর্জ্য অপসারণে ৯ হাজার ৮৫০ জন কর্মী কাজ করবেন। পরিচ্ছন্ন কার্যক্রমে অংশ নেবে বিভিন্ন ধরনের ৩০০ যানবাহন।

ইতোমধ্যে ‘পরিবেশবান্ধব’ ১ লাখ ২০ হাজারটি ব্যাগ সরবরাহ করা হয়েছে বিভিন্ন ওয়ার্ডে। এছাড়া ২৮ মেট্রিক টন ব্লিচিং পাউডার, এক হাজার ২৫ গ্যালন স্যাভলন সরবরাহ করা হয়েছে। আর নগর ভবনে মজুদ রাখা হয়েছে ২৬ মেট্রিক টন ব্লিচিং পাউডার এবং ৫০০ লিটার স্যাভলন।

দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কোরবানির পশুর বর্জ্য ব্যাগে ভরে বাড়ির সামনে রেখে দিতে হবে। প্রতিটি বাড়ির সামনে থেকে বর্জ্য সংগ্রহ করা হবে। এ কাজ করবে প্রাইমারি কালেকশন সার্ভিস প্রোভাইডার (পিসিএসপি)।

প্রতিটি ওয়ার্ডে ১০ থেকে ১২ জন করে পিসিএসপি আছে। তারা ভ্যানগাড়ি এবং সরু গলিতে হাতে চালিত ছোট ঠেলাগাড়িতে করে বর্জ্য সংগ্রহ করবেন। এসব বর্জ্য নিয়ে যাওয়া হবে এসটিএসে। সেখান থেকে নেওয়া হবে মাতুয়াইল ল্যান্ডফিলে।

“আমরা নাগরিকদের কাছে অনুরোধ করব কোরবানির বর্জ্য যেন ব্যাগে ভরে বাড়ির সামনে রাখেন। অথবা কোরবানির বর্জ্যগুলো বাড়ির কোনায় জড়ো করে রাখেন। সেখান থেকে আমাদের কর্মীরা সংগ্রহ করবে। ময়লা নিয়ে যাওয়ার পর আমরা ব্লিচিং ছিটাব, স্যাভলন দিব।”

বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম তদারক করার জন্য নগর ভবনে একটি নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে জানিয়ে তিনি বলেন, “সেখান থেকে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম লাইভ মনিটরিং করা হবে। আমাদের প্রস্তুতি আছে ২৪ ঘণ্টার মধ্যে কাজ শেষ করার, এটা সর্বোচ্চ সময়। আশা করি, এর আগেই শেষ হয়ে যাবে।”

বর্জ্য অপসারণ নিয়ে কোনো অভিযোগ থাকলে ডিএসসিসির নিয়ন্ত্রণ কক্ষে ফোন (০২২২৩৩৮৬০১৪ ও ০১৭০৯৯০০৮৮৮) করতে অনুরোধ জানিয়েছেন তিনি।

শনিবার রাত ১১টা থেকে হাটের বর্জ্য অপসারণ শুরু হবে জানিয়ে দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র তাপস বলেন, “আপনারা জানেন, কোরবানির ঈদকে নিয়ে আমাদের বিশাল কর্মযজ্ঞ হয়। …আগামীকাল (রোববার) দুপুর ২টা থেকে আমরা এই বর্জ্য অপসারণের কার্যক্রমের সূচনা করব।”